ভবনে ফাটল, মাঠে চলছে ক্লাস-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে ভবনে ফাটল ধরায় খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ভূমিকম্পে ভবনে ফাটল ধরায় খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি আড়াই বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিকল্প না থাকায় ওই ভবনেই চলছিল পাঠদান। ২৫ এপ্রিল ভূমিকম্পে ভবনটিতে অসংখ্য ফাটল ধরায় এখন খোলা আকাশের নিচে পাঠদান ও পরীক্ষা চলছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪২ সালে ৮২ নম্বর শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে পাঠদানের জন্য ১৯৯৪ সালে চার কক্ষবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দোলোয়ার হোসেন জানান, ২০১২ সালের মধ্যেই ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ২০১৩ সালের ডিসেম্বর মাসে বিষয়টি লিখিতভাবে উজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকে জানানো হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বিদ্যালয় পরিদর্শন করে উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। ২০১৩ সাল থেকে ওই ভবনেই শিক্ষার্থীদের পাঠদান করা হতো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার জানান, ভূমিকম্পের সময় ভবনটিতে বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় এবং আগের ফাটলগুলো আরও বেড়ে যায়। সহকারী শিক্ষক সফিউল আলম ও শিমা কুণ্ড জানান, রোদে কষ্ট করে ক্লাস নেওয়া যায়, কিন্তু বৃষ্টি শুরু হলে বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা ছাড়া কোনো উপায় থাকবে না।
অভিভাবক জেসমিন আক্তার বলেন, ‘আগে সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে ভবনটি ধসে পড়ার ভয়ে থাকতাম। এখন রোদে অসুস্থ হয়ে পড়ার দুশ্চিন্তায় থাকি।’
শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সরদার বলেন, জরুরি পদক্ষেপ না নেওয়া হলে পাঠদান অনিশ্চিত হয়ে পড়বে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পাঠদান যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ রেখে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।