ভবনে ফাটলের গুজব নামতে গিয়ে আহত ৮
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গতকাল বুধবার সকালে হুড়োহুড়ি করে নামতে গিয়ে একটি পোশাক কারখানার আটজন নারী শ্রমিক আহত হয়েছেন। কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে—এমন গুজবে তাঁরা নামতে থাকেন। কারখানার শ্রমিক ও মালিকপক্ষের লোকজন জানান, মৌচাকের হাইড্রো অক্সাইড নিটওয়্যার লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার ভবনের চতুর্থ তলার দক্ষিণ পাশে একটি মূল বিমের পাশে ইটের একটি স্তম্ভ রয়েছে। ওই স্তম্ভের মাঝে কয়েক দিন আগে কিছু অংশ ফেটে যায়। একজন প্রকৌশলী বিমের প্লাস্টার ভেঙে পরীক্ষা করেন। ওই ভাঙা অংশ গতকাল সকালে শ্রমিকেরা দেখে সাততলার ওই ভবন ফেটে যাচ্ছে বলে গুজব ছড়িয়ে দেন। এ গুজবে পুরো ভবনের শ্রমিকেরা বেলা সাড়ে ১১টার দিকে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। তাঁরা সিঁড়ি দিয়ে নামার সময় আটজন নারী শ্রমিক পদদলিত হয়ে আহত হন। পরে কর্তৃপক্ষ এক দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।কারখানার উৎপাদন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ভবনে ফাটলের কোনো আশঙ্কা নেই।