ভবনে বিস্ফোরণ অগ্নিদগ্ধ ৭
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চারতলা একটি ভবনের নিচতলায় বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে বিকট শব্দে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন সাতজন। বিস্ফোরণের পর ওই ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে শিশু, নারীসহ কমপক্ষে ৩০ জন।
গতকাল রোববার সন্ধ্যায় পঞ্চবটি রূপসী হাউজিংয়ে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফতুল্লার পঞ্চবটি রূপসী হাউজিংয়ের চারতলা ভবনের নিচতলায় অবস্থিত ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)’ নারায়ণগঞ্জ শাখা কার্যালয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভবনটি কেঁপে ওঠে। আগুন ধরে গেলে দগ্ধ হন সাতজন। আতঙ্কে ভবনের আবাসিক ফ্ল্যাটের বাসিন্দারা তাড়াহুড়ো করে নামতে শুরু করে। এ সময় শিশু, নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন এনজিওটির সহকারী ব্যবস্থাপক আবদুল হালিম, অফিস সহকারী মিজান, সোহেল, মিজানুর রহমান, ওমর ফারুক, বিদ্যুতের মিস্ত্রি আসলাম ও আরমান।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ গ্যাসের রাইজার পর্যন্ত বিস্তৃত হয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।