ভবনে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চারতলা একটি ভবনের নিচতলায় বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া এক ব্যক্তি মারা গেছেন।
আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নাসির উদ্দিন (২৫) নামের ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থশঙ্কর পাল বলেন, নাসিরের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।
গতকাল রোববার সন্ধ্যায় বিস্ফোরণের ওই ঘটনায় সাতজন অগ্নিদগ্ধ হন। তাঁদের মধ্যে একজন আজ মারা গেলেন। সার্জন পার্থশঙ্কর পাল জানিয়েছেন, বাকি দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ফতুল্লার পঞ্চবটি রূপসী হাউজিংয়ের চারতলা ভবনের নিচতলায় অবস্থিত ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)’ নারায়ণগঞ্জ শাখা কার্যালয়ে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটি কেঁপে ওঠে। আগুন ধরে গেলে দগ্ধ হন সাতজন। আতঙ্কে ভবনের আবাসিক ফ্ল্যাটের বাসিন্দারা তাড়াহুড়ো করে নামতে শুরু করে। এ সময় শিশু, নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ গ্যাসের রাইজার পর্যন্ত বিস্তৃত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।