ভবনে ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পথ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি পথ নেই। এতে প্রতিবছর অগ্নিকাণ্ডের কারণে বিপুল ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে লোকজন।
দুর্যোগ হিসেবে তাই অগ্নিকাণ্ডকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৫৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাতে ক্ষয়ক্ষতি হয়েছে এক কোটি ৩৭ লাখ টাকা।
সরেজমিনে দেখা যায়, শহরের একমাত্র বহুতল বিপণিবিতান কাম আবাসিক ভবন শহীদ আবুল কাশেম সড়কের ‘মলিক টাওয়ার’। এখানে তিনটি বেসরকারি ব্যাংকসহ বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, এখানে বিল্ডিং কোড অনুযায়ী অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা নেই।
এর পাশে অবস্থিত ফাতেমা প্লাজার অবস্থা আরও খারাপ। ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্যের জন্য পরিচিত এ মার্কেটে ঢোকা ও বের হওয়ার পথ মাত্র একটি। আবার পথজুড়ে পার্কিং। একই অবস্থা মুন সুপার মার্কেট, বড় বাজার পুরাতন মার্কেট ও আলী হোসেন সুপার মার্কেটের।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গার উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, জেলা শহরে একটি প্রতিষ্ঠানও বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি এবং হচ্ছেও না। প্রতিটি মার্কেটে কমপক্ষে ৫০ হাজার গ্যালন পানি ধারণক্ষমতার জলাধার তৈরির কথা। কিন্তু তা কেউ মানেনি। জরুরি অবস্থায় বের হওয়ার পথ রাখা হয়নি। জোড়াতালি দিয়ে বৈদ্যুতিক সংযোগ বহাল আছে। যা সবার জন্যই ঝুঁকি।
সমবায় অধিদপ্তরের মালিকানাধীন সমবায় নিউমার্কেটের ১৪৪টি দোকানের বেশির ভাগেরই ৩০ থেকে ৩৫ বছর আগে বৈদ্যুতিক সংযোগ নেওয়া। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাঈল জোয়ার্দ্দার বলেন, মার্কেটটির পুরাতন অবকাঠামো ভেঙে বহুতল ভবন তৈরির পরিকল্পনা চলছে। নতুন স্থাপনা তৈরির সময় অগ্নিনির্বাপণের বিষয়টি দেখা হবে।
এদিকে ১০০ শয্যার চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক হাসপাতাল ছাড়া নিবন্ধিত ও অনিবন্ধিত ৬৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকেও একই অবস্থা। আকস্মিক দুর্যোগে বেরিয়ে যাওয়ার বিকল্প পথও নেই।
এ তথে্যর সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন আজিজুল ইসলাম।
চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হচ্ছে। পৌর এলাকায় উন্মুক্ত পানির উৎস কমে যাওয়ায় ফায়ার সার্ভিসের কথা বিবেচনা করে মোড়ে মোড়ে হাইডেন লাইন স্থাপন করা হবে। সেখান থেকে হোসপাইপের মাধ্যমে পানি সংগ্রহ করা যাবে বলে জানান তিনি।