ভবনে মার্জিত রং করাতে বললেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান, বনানী ও মহাখালী এলাকার যেসব ভবন দুই বছরের বেশি সময় ধরে রং করা হয়নি, সেগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রং করাতে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক নির্দেশ দিয়েছেন। গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ভবনে গতকাল শনিবার এক মতবিনিময় সভায় মেয়র এ নির্দেশ দেন।
ডিএনসিসির অঞ্চল-৩-এর আয়োজনে মতবিনিময় সভায় গুলশান, বনানী ও মহাখালী এলাকার ব্যবসায়ী ও ভবনমালিকেরা অংশ নেন। মেয়র বলেন, সিটি করপোরেশন আইনে বলা আছে, প্রতি দুই বছর পরপর ভবন রং করাতে হবে। কিন্তু অনেক ভবন আছে যেগুলো চার, পাঁচ বছর বা তারও বেশি সময় ধরে রং করানো হয় না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব ভবন দুই বছরের বেশি সময় ধরে রং করা হয় না, সেগুলো মার্জিত মানের রং করাতে হবে।
স্থানীয় এক ভবনমালিকের পার্ক-সংক্রান্ত প্রশ্নের জবাবে মেয়র বলেন, শহরের পার্কগুলোর মালিকানা মূলত রাজউকের। সেগুলোর মালিকানা সিটি করপোরেশনের কাছে ন্যস্ত করতে প্রস্তাব দেওয়া হয়েছে। সেটি হলে ডিএনসিসি নিজস্ব পরিকল্পনার মাধ্যমে পার্কগুলোর যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করবে।
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান শরীফ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, সংরক্ষিত নারী কাউন্সিলর খালেদা বাহারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।