ভবনের আয়ু ঠিক রাখতে প্লাম্বিংয়ে গুরুত্ব
ভবনের পানি, গ্যাস ও পয়োনিষ্কাশন প্রণালি মানুষের শরীরের রক্ত সঞ্চালন লাইনের মতো। রক্ত সঞ্চালন লাইনে সমস্যা হলে মানুষের জীবন যেমন ঝুঁকিতে পড়ে, তেমনি ভবনে এসব ব্যবস্থা পরিকল্পিতভাবে করা না হলে সমস্যার শেষ থাকে না। ভবনের আয়ু যেমন দ্রুত কমে যায়, তেমনি ভবনে বসবাসকারীদের জীবনও ঝুঁকিতে পড়ে।
গতকাল রোববার আন্তর্জাতিক প্লাম্বিং দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন বিশেষজ্ঞরা। ‘প্লাম্বিং প্র্যাকটিসেস ইন বাংলাদেশ: প্রবলেমস অ্যান্ড প্র্যাকটিসেস’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) পুরকৌশল বিভাগ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আজিজুল হক। আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী মাসুদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও বক্তব্য দেন আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শফিউল্লাহ, আইইবির সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া, আইইবির সম্পাদক আব্দুস সবুর, হাবিব আহমেদ হালিম প্রমুখ।