ভবনের কাজ শেষ না হওয়ায় রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত নতুন ভবনটির নির্মাণকাজ সাড়ে তিন বছরেও শেষ না হওয়ায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৬০০ শয্যার স্থানে রোগী থাকছেন এক হাজারের বেশি। হাসপাতাল সূত্র জানায়, ২০০৮ সালে ভবনটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় ১৫ কোটি টাকা। দরপত্র অনুযায়ী, ঢাকার ইকবাল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড কাজটি পায়। বর্ধিত নতুন ভবনে জরুরি বিভাগসহ রোগীদের ২০০ শয্যা ও তিনটি অস্ত্রোপচার কক্ষ স্থাপনের কথা। গত সোম ও মঙ্গলবার হাসপাতালে সরেজমিনে বিভিন্ন ওয়ার্ডের মেঝেতে রোগীদের শুয়ে কষ্ট পেতে দেখা গেছে। বারান্দায় শুয়ে থাকা কয়েকজন রোগীর সঙ্গে কথা হয়। সার্জারি ওয়ার্ডের রোগী গঙ্গাচড়া উপজেলার এহসান মিয়া (৫৫) বলেন, ‘এই শীতোত বারান্দায় শুয়া থাকতে কষ্ট পাই। কিন্তু করার তো কিছু নাই।’ সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রংপুর শাখার সভাপতি সৈয়দ আবু তালেব বলেন, ৬০০ শয্যার হাসপাতালে সব সময় রোগী ভর্তি থাকে প্রায় দ্বিগুণ। এ অবস্থায় চিকি ৎ সাসেবা পেতে রোগীদের কষ্ট তো হয়ই, নতুন ভবনটি হলে এই সমস্যা থাকার কথা নয় বলে মন্তব্য করেন তিনি। পাঁচতলা ভবনটির শতকরা ৭০ ভাগ নির্মাণকাজ হয়েছে বলে গণপূর্ত বিভাগ সূত্র জানিয়েছে। ২০০৮ সালের মার্চে দরপত্র অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল গত বছরের ডিসেম্বরে। মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী আবু জাফর সিদ্দিক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বার বার তাগাদা দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী আখলাক হোসেন সরদার বলেন, ‘যত দ্রুত সম্ভব কাজ শেষ করা যায়, সে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ৬০০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি থাকে দ্বিগুণ। এরপর রোগীর স্বজন। এই সংকট কাটিয়ে উঠতে বর্ধিত ভবনের নির্মাণকাজ শুরু হলেও এখনো এর অনেক কাজ বাকি রয়ে গেছে। এর ফলে রোগীদের দুর্ভোগ লেগেই আছে।