নীলফামারী পুরাতন রেলস্টেশনের নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণকাজের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে।রেলওয়ের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেতু) মো. শাহজাহান আলীর নেতৃত্বে দুই সদস্যের তদন্ত দল গতকাল মঙ্গলবার পুরাতন স্টেশন ভবনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছে। এ সময় তদন্ত দলের অপর সদস্য পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পংকজ কুমার সাহা সেখানে উপস্থিত ছিলেন।তদন্ত দলের আহ্বায়ক মো. শাহজাহান আলী বলেন, স্টেশনের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ নিয়ে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে ও ঠিকাদারের লোকজনসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু এ মুহূর্তে বলা যাবে না।ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নীলফামারী স্টেশন ভবনের কাজে অনিয়মের অভিযোগে করা তদন্ত দলের সামনে ঠিকাদারের পক্ষে সাফাই গাইছেন ঠিকাদারিপ্রতিষ্ঠানের কর্মচারী জসিম উদ্দিন। এখানে তিনি কোনো কাজ করেন কি না, জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে এ প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।