ভবনের জায়গার ইজারা চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ব্র্যাকের কাছে ভবনের জায়গার ইজারা চুক্তি বাতিল, ক্যানটিন ও যাতায়াতে ভর্তুকি বহাল রাখা, চাকরির বয়সসীমা ৬৫ বছর করাসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) কর্মীমঙ্গল সংস্থা।
সমাবেশে সংস্থার নেতারা ঘোষণা দিয়েছেন, এসব দাবি না মানলে কঠিন কর্মসূচিতে যাবেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বুধবার প্রতিষ্ঠানের সাসাকাওয়া মিলনায়তনে এ সমাবেশ করে কর্মীমঙ্গল সংস্থা। এটি আইসিডিডিআরবির বেতনভুক বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। এর সদস্যসংখ্যা প্রায় পাঁচ হাজার।
বেলা দেড়টায় শুরু হওয়া এ সমাবেশে প্রায় পাঁচ শ বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। আগামীকাল শুক্রবার থেকে আইসিডিডিআরবির বোর্ড অব ট্রাস্টির সভা শুরু হচ্ছে। এ সভা সামনে রেখে কর্মীমঙ্গল সংস্থা সমাবেশের আয়োজন করে।
সংগঠনটির সাধারণ সম্পাদক ড. ফিরোজ আহমেদ সমাবেশে বলেন, আইসিডিডিআরবির মূল ভবনের ষষ্ঠ তলায় সাড়ে ৪০ হাজার বর্গফুট জায়গা বছরে এক টাকা ভাড়ায় ব্র্যাকের কাছে ইজারা দেওয়া হয়েছে। ৪৯ বছরের জন্য দেওয়া এই ইজারা কোনো শর্ত ছাড়াই অবিলম্বে বাতিল করতে হবে। তিনি বলেন, বিজ্ঞানীদের প্রকল্পের টাকায় ক্যানটিন ও যাতায়াতে ভর্তুকি দেওয়া হতো। সেই ভর্তুকি তুলে নেওয়ায় অনেকেই ক্যানটিনে খান না, যাতায়াতে বাস ব্যবহার করেন না। অনতিবিলম্বে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
আইসিডিডিআরবির অধ্যাদেশের উল্লেখ করে ফিরোজ আহমেদ বলেন, জাতিসংঘের বেতনকাঠামোর অনুসরণে এই প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের বেতন ও অন্যান্য সুবিধা দেওয়ার কথা। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে অনুসরণ করা হলেও বাংলাদেশি অধিকাংশের ক্ষেত্রে তা মানা হয় না। তিনি চাকরির বয়সসীমা ৬৫ বছর করার দাবি জানিয়ে বলেন, অনেককে বিশেষ সুবিধা দিয়ে ৬৫ বছর পর্যন্ত চাকরি করতে দেওয়া হচ্ছে। আবার অনেককে ৬০ বছরে বিদায় জানানো হচ্ছে। এ ছাড়া প্রধান পরিচালন কর্মকর্তার পদ বিলুপ্তি, বৈজ্ঞানিকদের জন্য নয় এমন উচ্চ স্তরের কিছু পদে বাংলাদেশিদের পদায়ন এবং আইসিডিডিআরবির অর্ডিন্যান্সের প্রস্তাবিত সংশোধনী জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।
সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, গত মঙ্গলবার লিখিত সাত দফা দাবি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের কাছে তাঁরা দিয়েছেন। সভায় সাত দফা দাবিসংবলিত একটি কাগজ বিলি করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা আবার সভা করবেন।
সাত দফা দাবি সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানের যোগাযোগ শাখার জ্যেষ্ঠ ব্যবস্থাপক নাসমীন আহমেদ প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট এসব দাবি ব্যবস্থাপনা ইস্যু-সম্পর্কিত। এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।