ভবনের ঝুঁকি কমাতে নিরাপদ প্লাম্বিং জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের পানি, গ্যাস ও পয়োনিষ্কাশন প্রণালি (প্লাম্বিং) মানুষের শরীরের রক্ত সঞ্চালন লাইনের মতো। রক্ত সঞ্চালন লাইনে সমস্যা হলে মানুষের জীবন যেমন ঝুঁকিতে পড়ে তেমনি ভবনে এসব ব্যবস্থা পরিকল্পিতভাবে করা না হলে সমস্যার শেষ থাকে না। ভবনের আয়ু যেমন দ্রুত কমে যায়, তেমনি ভবনে বসবাসকারীদের জীবনও ঝুঁকিতে পড়ে। 

আজ রোববার আন্তর্জাতিক প্লাম্বিং দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন বিশেষজ্ঞরা। ‘প্লাম্বিং প্র্যাকটিসেস ইন বাংলাদেশ: প্রবলেমস অ্যান্ড প্র্যাকটিসেস’ শিরোনামের এ সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) পুরকৌশল বিভাগ।
বক্তারা বলেন, বাংলাদেশে প্লাম্বিংয়ের বিষয়টিকে এখনো সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। সঠিকভাবে এসব করা হচ্ছে কি না তাও তদারক করার জন্য কোনো সংস্থা দায়িত্বপ্রাপ্ত নয়। এ বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আজিজুল হক। তাঁর উপস্থাপনায় তিনি বলেন, প্লাম্বিং মানুষের স্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু এ বিষয়টি সেভাবে গুরুত্ব পাচ্ছে না। ভবনের ভেতরে পানি, গ্যাস ও পয়োনিষ্কাশন প্রণালির সম্পর্কিত নানা রকম সঞ্চালন লাইন পরিকল্পিতভাবে ব্যবহার করার মতো দক্ষ জনশক্তিও নেই। প্লাম্বিংকে উন্নয়নের নির্দেশক হিসেবে তুলে ধরে এ বিষয়ে সরকারের পাশাপাশি প্রকৌশলীদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
২০১০ সাল থেকে বিশ্ব প্লাম্বিং কাউন্সিল ১১ মার্চকে বিশ্ব প্লাম্বিং দিবস হিসেবে ঘোষণা করে। মানুষকে এ বিষয়ে সচেতন করতে ওই বছর থেকেই বিশ্বব্যাপী দিনটি উদযাপিত হচ্ছে।
আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলী মাসুদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে আরও বক্তব্য দেন, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শফিউল্লাহ, আইইবির সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া, আইইবির সম্পাদক আবদুস সবুর, হাবিব আহমেদ প্রমুখ।