ভবনের দখলদারকে তাড়াল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের বাসস্ট্যান্ডে বিএনপি নেতার নির্মাণাধীন ভবনের দখলদার আওয়ামী লীগের নেতা-কর্মীদের গতকাল মঙ্গলবার তাড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।
৯ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া চৌধুরীর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মীর জেলা কৃষক দলের
সাধারণ সম্পাদক আবুল কালামের নির্মাণাধীন ভবন দখল করেছিলেন বলে এলাকাবাসী অভিযোগ করেছে। থানা থেকে মাত্র কয়েক শ গজ দূরত্বে লাঠিসোঁটা ও দা-কিরিচ নিয়ে ভবন দখলের সময় পুলিশকে জানালেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শী নূরুল আমিন, নুর আয়েশাসহ অনেকে বলেছেন, রাত দুইটার দিকে বাদশা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাসস্ট্যান্ডে আসেন। তাঁরা আবুল কালামের নির্মাণাধীন ভবনটি দখল করে সেখানে চালের বস্তা ও আসবাবপত্র নিয়ে এসে সেখানে অবস্থান করতে থাকেন।
সকালে নির্মাণাধীন একতলায় গিয়ে ১০-১২টি চালের বস্তা, ছড়ানো-ছিটানো কাপড় দেখা গেলেও আওয়ামী লীগের কাউকে পাওয়া যায়নি। সেখানাকার বাসিন্দা ইসমাইল ও মোহাম্মদ বদন মিয়া জানান, এলাকাবাসী আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাড়িয়ে দিয়েছে।
আবুল কালাম দাবি করেন, ২০০১ সালে বন্ধকী দলিলে বাদশা চৌধুরীকে তিনি পাঁচ লাখ টাকা পরিশোধ করেছেন। কিন্তু বাদশা বন্ধকী দলিলটি ফেরত না দেওয়ায় তিনি আদালতে হলফনামা করে বাতিল করেছেন। ২০০৭ সালে সেনাবাহিনীর কাছে টাকা বুঝে পাওয়ার কথা স্বীকার করে প্রাপ্তি স্বীকারপত্রও দিয়েছেন।
তবে বাদশা চৌধুরী টাকা পরিশোধ করেননি দাবি করে বলেন, কোনো দখল নয়, বন্ধকী চুক্তি অনুযায়ী তিনি তাঁর জায়গায় গিয়েছেন। রাতের অন্ধকারে গেছেন কেন জানতে চাইলে বাদশা বলেন, আবুল কালামও রাতে ভবনের কাজ করছেন, এ জন্য তিনিও গেছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন, উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা ভঙ্গ না করার জন্য বলা হয়েছে। কাগজপত্র দেখে বিষয়টি মীমাংসার জন্য তাঁদের থানায় আসতে বলা হয়েছে।