বৃষ্টি হলে টিনের চালার ফুটো দিয়ে পানি পড়ে ভিজে যায় মেঝে। কক্ষগুলো জীর্ণ। পুরোনো দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আধা পাকা সাত কক্ষের একটি পুরোনো ভবনে চলছে রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম।
রোগের চিকিৎসার মতোই ১০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা। পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ভয়ে এই স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভর্তি হতে চান না।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, জুরাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের প্রবেশমুখের পূর্ব পাশে অভ্যর্থনা ও ওষুধ সংরক্ষণ কক্ষ। পশ্চিম পাশে ইপিআই কক্ষ। তার পাশে কক্ষটি তালাবদ্ধ। এই কক্ষ আগে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। এখন কক্ষটি পরিত্যক্ত। স্বাস্থ্য কর্মকর্তাদের কক্ষের দেয়ালে ফাটল। ওপরের টিনের চালার ফুটো স্পষ্ট দেখা যায়। এই কক্ষের উল্টো দিকে জরুরি চিকিৎসা কর্মকর্তার কক্ষের দেয়ালেও বড় ফাটল দেখা দিয়েছে। ভবনের উত্তর পাশে একটি বড় কক্ষে পুরুষ, নারী ও শিশুদের একসঙ্গে চিকিৎসা দেওয়া হয়।
পেটের পীড়া নিয়ে গত সোমবার সকালে উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের দুর্গম এড়েইছড়ি গ্রাম থেকে হাসপাতালে আসেন লক্ষ্মী চাকমা (৫০)। তিনি বলেন, হাসপাতালের কক্ষের অবস্থা দেখেই তাঁর ভয় হচ্ছে।
কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. মুদ্দাচ্ছির রহমান বলেন, এখানে কোনো রোগী থাকতে চায় না। দেয়ালের ফাটল আর টিনের ফুটো দেখলে সবারই ভয় পাওয়ার কথা।
১০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রায় ৩৫ বছর আগে নির্মাণ করা হয় বলে জানান চিকিৎসকেরা। ২০১২ সালে ১০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। কিন্তু অজ্ঞাত কারণে সে সিদ্ধান্ত সিদ্ধান্ত বাতিল হয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ১০টি পদের মধ্যে খালি রয়েছে তিনটি। নার্সের সাতটি পদে কাজ করছেন তিনজন। তাঁদের একজনের বদলি আদেশ হয়েছে। এ ছাড়া উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তার দুটি পদই খালি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিপাশ চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের জীর্ণ অবস্থার কারণে সব যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। ওষুধও ভিজে নষ্ট হয়ে যায়। কোনো কিছুই ঠিকভাবে রাখা সম্ভব হয় না। তিনি বলেন, জায়গার অভাবে কমপ্লেক্সে কোনো প্রসূতিকক্ষ নেই। দুর্গম এই উপজেলায় চলাচলের জন্য নৌপথই ভরসা। তাই প্রসূতিকক্ষ খুবই প্রয়োজন। কমপ্লেক্সটি সংস্কারের অবস্থায়ও এখন আর নেই। জরুরি ভিত্তিতে ভবন নির্মাণ করা না হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।