ভবনের নকশা অনুমোদন নিয়ে গণপূর্তের ভিন্ন ভাবনা
বিশেষ এলাকার বাইরে স্থাপনা নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিকে দেওয়ার সুপারিশ করেছে গণপূর্ত মন্ত্রণালয়। আজকের মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
তবে রাজউক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা ভবিষ্যতে কোনো নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলে তাদের বাইরে দায়িত্ব পালন করবে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবন নির্মাণের নকশা কোন মন্ত্রণালয় বা কারা অনুমোদন দেবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে, ক্ষেত্রবিশেষে কর্তৃপক্ষ নির্ধারণে সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধানে বিদ্যমান আইনের সংশোধন ও অন্তর্বর্তীকালীন ইমারত নির্মাণ কমিটি অনুমোদনের বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হয়।
এই প্রস্তাব অনুমোদন হলে স্থানীয় সরকার বিভাগের চারটি আইনে পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে তাদের দেওয়া মতামতে বলছে, সিটি করপোরেশনে স্বয়ংসম্পূর্ণ প্রকৌশল বিভাগ রয়েছে এবং নগর পরিকল্পনাবিদ রয়েছেন, যাঁরা নগর উন্নয়ন বিষয়ে কারিগরি ও আইনি মতামত দেওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন। বড় সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী পদে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। পৌরসভায়ও একজন নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে প্রকৌশল বিভাগ রয়েছে।
স্থানীয় সরকার বিভাগ বলেছে, ২০০৯ সালে প্রণয়ন করা পৌরসভা আইনের পরিবর্তন হলে নির্বাচিত মেয়র ও পরিষদের মতামত নিতে হবে। নির্বাচিত মেয়র ও পরিষদের মতামত ছাড়া এ ধরনের পরিবর্তন গণতান্ত্রিক রীতিনীতর পরিপন্থী হবে। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ মনে করে, বিদ্যমান আইনের সমস্যা নিরসনে আইন কমিশন কাজ করতে পারে।
তবে গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সরকার বিভাগের মতামতের আলোকে ব্যবস্থা নেওয়া সময়সাপেক্ষ। তাই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা দ্রুত গ্রহণ করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, মন্ত্রিসভায় পাঠানো ইমারতের নকশা অনুমোদন-সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, উন্নয়ন কর্তৃপক্ষ ছাড়া তাদের আওতাধীন এলাকায় সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ (ইউপি) কোনো ভবনের নকশায় অনুমোদন দিতে পারবে না। নগর উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রবহির্ভূত এলাকায় ইমারতের নকশা অনুমোদনের দায়িত্ব সংশ্লিষ্ট জেলা প্রশাসককে দেওয়ার প্রস্তাব করা হয়।
গণপূর্তসচিব বলেন, নকশা অনুমোদনের বিষয়টি গুরুত্বপূর্ণ। ন্যূনতম কাঠামোগত স্থাপত্য মানের ভিত্তিতে যেন ইমারত নির্মাণ করা হয়, সেই বিবেচনায় কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
জেলা প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হবেন সদস্যসচিব। এ ছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট পৌরসভার প্রতিনিধি, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির নাম প্রস্তাব করা হয়েছে।