ভবনের নকশা নির্ধারিত সময়ে অনুমোদন না দেওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজউক এলাকায় ভবন নির্মাণের নকশা নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার কমিটির সভায় এই ক্ষোভ জানানো হয়।সভায় বলা হয়, ভবনের নকশা নির্ধারিত ৪৫ দিনের মধ্যে অনুমোদন না দেওয়ায় উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। চলতি বছর নির্ধারিত সময় কতগুলো আবেদনের মধ্যে কয়টি নকশা অনুমোদন দেওয়া হয়েছে, তা আগামী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য আবদুছ সাত্তার, জহিরুল হক ভূঞা, নসরুল হামিদ, এনামুল হক ও সাফিয়া খাতুন যোগ দেন। সভায় পূর্তসচিব খোন্দকার শওকত হোসেনও উপস্থিত ছিলেন।সভার আলোচনা সম্পর্কে পূর্তসচিব প্রথম আলোকে বলেন, ‘সভায় তিনি জানিয়েছেন ঢাকার ওপর চাপ কমাতে চারটি উপশহর হবে। এগুলো কোথায়, কীভাবে হবে সে বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে সিদ্ধান্ত হয়নি। তারপরও এসব নিয়ে যা হচ্ছে তা স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা থেকে করে থাকতে পারে।’সভা শেষে কমিটির সভাপতি সংবাদ ব্রিফিং করেননি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সময়মতো ভবন নির্মাণের অনুমতি না দেওয়ায় জনগণের হয়রানি হচ্ছে, এ ব্যাপারে রাজউকের মতামত চাওয়া হয়েছে। রাজউকের চেয়ারম্যান সভায় উপস্থিত না থাকায় কমিটির আগামী সভায় তাঁকে আসতে বলা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু বিষয়ে রাজউকের মতামত জানতে চাওয়া হয়েছে।সভা সূত্র জানায়, সভায় ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর তালিকা চাওয়া হলেও রাজউক থেকে দেওয়া হয়নি। কমিটিকে জানানো হয়, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রণয়নের জন্য রাজউকের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটি তালিকা চূড়ান্ত করবে।সভায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল, ২০০৯ এবং বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে মূল কমিটিতে উপস্থাপিত প্রতিবেদন নিয়েও আলোচনা হয়।