ভবনের নিচ থেকে সিএনজি স্টেশন তুলে নিতে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাস ভবনের নিচতলা থেকে সিএনজি ফিলিং স্টেশন সরিয়ে নিতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল রোববার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এই নোটিশ দেন। নোটিশে ৩০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ফিলিং স্টেশন সরাতে বলা হয়েছে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সিএনজি ফিলিং স্টেশন—দুটিই পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রায় পাঁচ বছর আগে এই ফিলিং স্টেশন বসানো হয়। পরে এর ওপর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলা হয়। বর্তমানে এই সাততলা ভবনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ রয়েছে।সিটি করপোরেশন পরিচালিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস নগরের প্রবর্তক মোড়ে। এ ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে এর আরেকটি ক্যাম্পাস রয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিপজ্জনক ও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বিধায় ফিলিং স্টেশনটি সরিয়ে ফেলতে নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে ফিলিং স্টেশনের পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। অথচ এই সিএনজি স্টেশনকে ওই ছাড়পত্র দেওয়া হয়নি। নোটিশে বলা হয়, নির্ধারিত সময় ফিলিং স্টেশনটি সরিয়ে ফেলা না হলে ক্ষতিপূরণ আদায় এবং মালামাল ও স্থাপনা জব্দ করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুর ই ইলাহী বলেন, ‘আমরা এখনো নোটিশ পাইনি। নোটিশ পেলে সিদ্ধান্ত নেওয়া যাবে।’ তিনি বলেন, চট্টগ্রাম শহরে শত শত সিএনজি ফিলিং স্টেশন আছে। এগুলোর মধ্যে সিটি করপোরেশনের সিএনজি স্টেশন অনেক মজবুত ও নিরাপদ।