ভবনের নিচতলায় ফাটল, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি সাততলা ভবনের নিচতলার সামনের অংশে ফাটল দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুরাদপুরের আর এস নিকেতন নামের সাততলা এই ভবনের ফাটল দেখে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
পরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) লোকজন এসে এতে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন। এর আগে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। জানা গেছে, আর এফ প্রোপার্টিজ ভবনটি নির্মাণ করে। এ ভবনে ২৯টি পরিবার রয়েছে। গতকাল সকালে ভবনের নিচতলায় বড় ধরনের ফাটল দেখা দেয়। নিচতলায় একটি এবাদতখানা ও ভবনের কার্যালয় রয়েছে। এই ফাটল দেখে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।
ভবনের বাসিন্দা মো. ইকবাল জানান, সামনের অংশে ফাটল দেখে প্রথমে তাঁরা পুলিশকে অবহিত করেন। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ফায়ার সার্ভিস নিরাপত্তার জন্য বাসিন্দাদের প্রাথমিকভাবে সরে যাওয়ার নির্দেশ দেয় বলে জানা গেছে। এরপর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।