ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানালেন সেমিনারের বক্তারা। নির্মাণকাজে ব্যবহূত উপাদানের মান নিয়ন্ত্রণে সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করার কথাও বললেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ভবন নিরাপত্তা: প্রস্তাবিত নিয়ন্ত্রণমূলক প্রশাসনব্যবস্থা’ শীর্ষক সেমিনারে এসব দাবি জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি। সেমিনারে বক্তারা প্রতিটি ভবনকে নিরাপদ এবং ভবন নির্মাণের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল বিল্ডিং কোড বাস্তবায়নের লক্ষ্যে আলাদা নিয়ন্ত্রক সংস্থা গঠনের সুপারিশ করেন। প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, ভবন নির্মাণে বিল্ডিং কোড ও ইমারত নির্মাণ বিধিমালা মানা হচ্ছে না। বর্তমান সরকার বাণিজ্যিক ভবন ও আবাসিক ভবনসহ সব ধরনের স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ‘ভবন নিরাপত্তা: প্রস্তাবিত নিয়ন্ত্রণমূলক প্রশাসনব্যবস্থা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ আজীজুল হক। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন। এ সময় তিনি বলেন, যেকোনো জায়গায় যেকোনোভাবে যেকোনো বস্তু দিয়ে ভবন নির্মাণ করা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, অগ্নিনির্বাপণব্যবস্থা দেখার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। সেমিনারে সভাপতিত্ব করেন সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির সভাপতি খুশী কবির। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, রিহ্যাবের (রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি তানভিরুল হক প্রমুখ।