ভবনের নির্মাণকাজ ফেলে চলে গেছেন ঠিকাদার
নড়াইলে সোনালী ব্যাংক ট্রেজারি শাখা ও আঞ্চলিক কার্যালয় ভবন নির্মাণ শুরুর দুই বছর পর কাজ শেষ না করেই ঠিকাদার চলে গেছেন। ফলে বাধ্য হয়েই ঝুঁকির মধ্যে জরাজীর্ণ ভবনে ব্যাংকের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। আর দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রাহকেরাও।সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের প্রাণকেন্দ্রে ৪৫ শতাংশ নিজস্ব জমির ওপর চারতলা সোনালী ব্যাংক ভবন (ট্রেজারি শাখা ও আঞ্চলিক কার্যালয়) নির্মাণে ২০০৯ সালের ২৮ জুলাই দরপত্র আহ্বান করা হয়। কাজের প্রাক্কলিত মূল্য ধরা হয় ছয় কোটি ৭৮ লাখ ৩১ হাজার টাকা। ২০১০ সালের ৪ এপ্রিল ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অ্যাটকো ইন্টারন্যাশনালকে কার্যাদেশ দেওয়া হয়। ১৬৫টি পাইল বোরিং ও কাস্টিং কাজের মাধ্যমে ভবন নির্মাণের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ২০১০ সালের ২৬ আগস্ট পর্যন্ত ১৫২টি পাইল বোরিংয়ের কাজ সম্পন্ন করে।২০১১ সালের ১৫ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রকৌশলীদের মাধ্যমে ভবনের লোডটেস্ট করা হলে নির্মাণকাজের ত্রুটি ধরা পড়ে। পরে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ১৩টি পাইল বোরিংয়ের কাজ না করেই ভবন নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত বছরের ২৮ নভেম্বর ওই দরপত্র বাতিল করে। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় এক কোটি টাকার বিলও উত্তোলন করে নেয়।গত বৃহস্পতিবার সরেজমিন দেখা গেছে, নির্মাণকাজে ব্যবহূত মালামাল অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। পাইল বোরিং করা গর্তগুলো বৃষ্টির পানি আর কাদায় ভরাট হয়ে আছে। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শেখ মাহামুদ উদ্দীন জানান, নতুন ভবন না হওয়ায় ভাড়া করা পুরোনো একতলা ভবনেই ঝুঁকি নিয়ে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে প্রয়োজনীয় কাগজপত্র ভিজে যায়। ট্রেজারি শাখা হওয়ায় ঝুঁকিপূর্ণ এই ভবনেই ভোল্টের (কোষাগার) ব্যবস্থা করা হয়েছে। পাহারারত পুলিশসহ ব্যাংকের প্রায় ২৮ হাজার গ্রাহকের চরম ভোগান্তি হচ্ছে।নড়াইলের সহকারী মহাব্যবস্থাপক রবীন্দ্রনাথ বাইন জানান, চরম অসুবিধার মধ্যে ভাড়া করা পুরোনো ভবনে সোনালী ব্যাংক নড়াইল ট্রেজারি শাখাসহ আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এখানকার কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। নতুন ঠিকাদার নিয়োগ করে দ্রুত ভবন নির্মাণকাজ সম্পন্ন করা না হলে যেকোনো সময় পুরোনো ভবন ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।