ভবনের বর্ধিতাংশ অপসারণ শুরু

চট্টগ্রাম নগরের একটি ছয়তলা ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ শুরু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণের নির্দেশ দেয়।
সিডিএ বলছে, নগরের চান্দগাঁও থানা এলাকার জামাল খান চৌধুরী সড়কে অবস্থিত ইউসুফ ভিলা নামের ওই ছয়তলা ভবনের ওপরের তলা (৬ষ্ঠ) পশ্চিম দিকে হেলে পড়েছে।
গতকাল সকালে ভবনটি পরিদর্শন করেছেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছসহ অন্য কর্মকর্তারা। ওই সময় ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, মালিকপক্ষ চারতলার অনুমোদন নিয়ে ছয়তলা ভবন নির্মাণ করেছে। এতে ভবনের ওপরের তলা পাশের ভবনের দিকে হেলে পড়েছে। তাই আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভবনের পাঁচ থেকে ছয়তলা পর্যন্ত অপসারণের জন্য মালিককে নির্দেশ দেওয়া হয়।
ভবনের মালিক মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ভবনের হেলে পড়া অংশ অপসারণ করা হচ্ছে।