ভবনের ভূগর্ভস্থ তলা ফেটে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় পুলিশ লাইনের সামনে পাঁচতলা ফয়সাল টাওয়ার-৫-এর ভূগর্ভস্থ তলার মেঝে ফেটে পানিতে তলিয়ে গেছে। গত সোমবার রাত আটটা থেকে পানি ওঠা শুরু হয়। এতে আতঙ্কে আছেন ভবনের ১৮টি পরিবারের অর্ধশতাধিক বাসিন্দা। স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে পুকুর ভরাট করে পাঁচতলাবিশিষ্ট ফয়সাল টাওয়ার-৫ নামে ভবনটি তৈরি করা হয়। হঠ্যাৎ করে গত সোমবার রাত আটটার দিকে ভবনের ভূগর্ভস্থ গাড়ি পাকিং তলায় পানি উঠতে শুরু করে। ভবনের নিরাপত্তাকর্মী মোশাররফ হোসেন বলেন, রাত আটটার দিকে মেঝের নয় জায়গা থেকে বুদ্বুদ করে পানি উঠতে থাকে। মঙ্গলবার সকাল আটটার দিকে এক ফুট পানিতে তলিয়ে যায়। জানতে চাইলে মোজাফফর হোসেন বলেন, পানির চাপ থাকতে পারে, বর্ষাকালে পানি উঠতে পারে, এটা চিন্তার বা আতঙ্কের বিষয় নয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, ঘটনাস্থলে পৌরসভার প্রকৌশলীকে পাঠানো হয়েছিল। প্রকৌশলী জানিয়েছেন, ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে সিলগালা করার প্রস্তুতি চলছে।