ভবনের মতোই বেহাল হারাগাছ পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের হারাগাছ পৌরসভার পুরোনো দোতলা ভবনের মোট ২৪টি কক্ষের মধ্যে বেশ কয়েকটি খালি পড়ে থাকে। মানুষের আনাগোনা খুবই কম। জনবলও তেমন নেই। যাঁরা আছেন, তাঁরাও সময়মতো বেতন পান না। সহকারী কর আদায়কারী শোয়েব মিয়া ১৭ মাস ধরে বেতন পান না। কর আদায় না হওয়ায় বেতন দেওয়া সম্ভব হয় না বলে জানালেন অফিস সহকারী রাশেদুল মিয়া।ভবন ও জনবলের দুরবস্থার মতোই বেহাল দশা হারাগাছ পৌরসভার রাস্তাঘাটের। পৌর মেয়র মামুনুর রশীদের মতে, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হয়ে উঠছে না। এ কারণেই ভবনের অনেক কক্ষ খালি পড়ে আছে। কর্মচারীদের বেতনও দেওয়া সম্ভব হয়ে উঠছে না।রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় দেড় লাখ লোকের বসবাস। পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ২০ বছরেও এখানে হয়নি কোনো উন্নয়ন। নর্দমা না থাকায় পয়োনিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কগুলোতে নেই আলোর ব্যবস্থা। পানি সরবরাহও নেই। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করায় পৌরসভার পরিবেশ দুর্গন্ধময় হচ্ছে।দর্জিপাড়ার মুদি দোকানদার মাসুদার রহমান বলেন, ন্যূনতম সুবিধা নেই, কিন্তু পৌর কর ঠিকই দিতে হয়। দরদি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বকুল মিয়া বলেন, ‘পৌরসভা হওয়ার আগোত হামরা যেমন দেখছি, এলাও তেমনই আছে। খালি নামে পৌরসভা হইছে।’ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন বলেন, পৌরসভা থেকে নাগরিকদের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো সহযোগিতা দেওয়া সম্ভব হয়নি। প্রতিষ্ঠার পর থেকেই পানি সরবরাহ নেই। নর্দমা না থাকায় অনেক স্থানে বর্ষায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন, ‘কী আর করা যাবে! পরিকল্পনা না থাকায় জনগণের কিছু সমস্যা তো হচ্ছেই। এ ছাড়া কর দেওয়া নিয়েও জনগণের মধ্যে অনীহা রয়েছে।’