
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের অনেক সড়কের সারবদ্ধ ভবনগুলোর মাঝের অংশ ভাগাড়ে পরিণত হয়েছে। মূলত ভবনের বাসিন্দাদের ফেলা গৃহস্থালি বর্জ্যের কারণেই এ অবস্থা।
দুই সারি ভবনের মধ্যবর্তী এই জায়গাগুলো এলাকায় প্যাসেজ নামে পরিচিত।
এর বাইরে ওয়ার্ডের অন্যতম সমস্যা যানজট। ঝুঁকিপূর্ণ টাউন হল মার্কেটটিও আরেক অস্বস্তির কারণ। কিছু এলাকায় আছে গ্যাসের সমস্যা।
৩১ নম্বর ওয়ার্ডটি গঠিত হয়েছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, আজম রোড, শেরশাহ সুরি রোড, সলিমুল্লাহ রোড, নূরজাহান রোড, রাজিয়া সুলতানা রোড, শাজাহান রোড, জাকির হোসেন রোড ও আসাদ অ্যাভিনিউ এলাকা নিয়ে। ওয়ার্ডের আয়তন শূন্য দশমিক
৬২ বর্গকিলোমিটার। হোল্ডিং সংখ্যা ২ হাজার ৪৫০। ভোটার ৪৫ হাজার।
গতকাল রোববার ওয়ার্ডে গিয়ে সেখানকার প্যাসেজগুলোর দুরবস্থা চোখে পড়ে। সিটি করপোরেশনের হিসাবে ওয়ার্ডে এ ধরনের প্যাসেজের সংখ্যা ৫৭টি। ওয়ার্ডের বাসিন্দারাই বলছেন, আবর্জনা জমতে জমতে প্যাসেজগুলোর এমন পরিণতির জন্য তাঁরাই দায়ী। কিছুদিন আগেও এসব প্যাসেজের কোনো কোনোটিতে দুই থেকে তিন ফুট পর্যন্ত আবর্জনা জমে ছিল। পরে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে ডিএনসিসি মেয়রের কাছে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলো পরিষ্কারের একটা ব্যবস্থা হয়েছে।

গতকাল নূর জাহান রোডসংলগ্ন এমন একটি প্যাসেজে দেখা যায়, সেখানে নোংরা পানির সঙ্গে নানা ধরনের আবর্জনা মিশে দুর্গন্ধময় পরিবেশ তৈরি হয়েছে। প্যাসেজে ঢোকার মুখের বড় ফটকটি আটকানো। এতে বোঝা গেল, প্যাসেজের দুই পাশের ভবনগুলোই এই আবর্জনার উৎস। ঠিক এর বিপরীত পাশের আরেকটি প্যাসেজেরও একই দশা।
এ বিষয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা খলিলুর রহমানের সঙ্গে। আবর্জনা জমে এমন অস্বস্তিকর পরিবেশ তৈরির জন্য নিজেদের দায়ী করে তিনি বলেন, ‘এখানকার বেশির ভাগ লোক সিটি করপোরেশনের ময়লা সংগ্রহকারীদের কাছে ময়লা না দিয়ে সেটা সরাসরি প্যাসেজে ফেলেন। সামান্য ৫০-১০০ টাকা বাঁচাতে গিয়েই আজকের এই দুরবস্থা।’
ঘুরতে ঘুরতে কাছাকাছি সলিমুল্লাহ রোড ও শাজাহান রোডসংলগ্ন এমন আরও তিনটি প্যাসেজ চোখে পড়ে। শাজাহান রোড এলাকার বাসিন্দা আসমাউল হক বলেন, ‘কিছুদিন আগে আমাদের বাড়ির পাশের প্যাসেজটি সিটি করপোরেশনের উদ্যোগে পরিষ্কার করা হলেও আবার সেটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ যদি সচেতন না হই, তাহলে এমন হাজার উদ্যোগ নিলেও এই সমস্যার সমাধান হবে না।’
একই এলাকার আরেক ব্যক্তি বলেন, ‘বিল্ডিংয়ের ওপরে ঝকঝকে অবস্থা। আর নিচে ময়লার ভাগাড়। যেটা আবার নিজেদেরই তৈরি। এটা কোনো কথা হলো?’
ঝুঁকিপূর্ণ টাউন হল মার্কেট নিয়ে অস্বস্তি
ওয়ার্ডের আরেক অস্বস্তির কারণ ঝুঁকিপূর্ণ টাউন হল মার্কেট। যেটি টাউন হল পাকা মার্কেট বলেও পরিচিত। ২০১৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে ঢাকার যে ১৪টি মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়, তার মধ্যে এই মার্কেটটিও রয়েছে। গতকাল মার্কেটের ভেতরে ঢুকে দেখা যায়, জায়গায় জায়গায় সিলিংয়ের পলেস্তরা খসে রড বেরিয়ে এসেছে। সেখান থেকে চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। কোথাও কোথাও বিমের অর্ধেকটাই নেই। এর মধ্যেই বদ্ধ পরিবেশে দুটি কক্ষে বড় বড় চুলায় রেস্তোরাঁর খাবার রান্না হচ্ছে। মার্কেটের এই অংশের ওপরের তলায় রয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়। সেখানকার কর্মচারী মো. নুরুজ্জামান বলেন, ‘একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। রাস্তা দিয়ে বাস যাওয়ার সময় বিল্ডিং কেঁপে ওঠে। ভয় লাগে মার্কেট ধসে পড়ে কি না।’ নিচতলার একাধিক ব্যবসায়ীর কণ্ঠেও ছিল একই রকম উদ্বেগ।
মোহাম্মদপুর টাউন হল সরকারি পাকা মার্কেট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতির দেওয়া তথ্য অনুসারে, এই পাকা মার্কেটটির মধ্যের অংশ ফাঁকা ছিল। সেখানে ২০০১ সালে করপোরেশন ৮৫টি নতুন দোকান নির্মাণ করে ২০১৫ সালে সেগুলো বরাদ্দ দেয়। এর মধ্যেই ২০১০ সালে এম আর ট্রেডিংয়ের সঙ্গে করপোরেশনের বাজার কমপ্লেক্স নির্মাণের চুক্তি হয়। পরে কমপ্লেক্সের অংশীদারত্ব নিয়ে করা চুক্তি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় ডিএনসিসির বিরুদ্ধে টাউন হলের পাকা ও কাঁচাবাজারের বণিক সমিতি এবং নির্মাণপ্রতিষ্ঠান আলাদা আলাদা চারটি মামলা করে।
এই মামলা নিস্পত্তি না হওয়ার কারণে মার্কেটের সংস্কারকাজ কিংবা এটি ভেঙে নতুন বাজার কমপ্লেক্স করার বিষয়টি থমকে আছে বলে জানান সংশ্লিষ্টরা।
আরেক সমস্যা যানজট
৩১ নম্বর ওয়ার্ডের আরেকটি সমস্যা হচ্ছে আসাদ অ্যাভিনিউ এবং টাউন হল মার্কেট ও শহীদ পার্ক মসজিদের সামনের অংশের যানজট। আসাদ অ্যাভিনিউয়ে যানজটের মূল কারণ সড়কে অবস্থিত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনা-নেওয়ায় ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি। ব্যক্তিগত গাড়িগুলো একটা বড় সময় ধরে সড়কের পাশে রাখা হয়। এতে মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোসহ অন্য যানবাহনের আরোহীদের যানজটে পড়তে হয়।
এ ছাড়া টাউন হল মার্কেটসংলগ্ন ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনের সড়ক দখল করে গড়ে ওঠা অনেকগুলো অবৈধ দোকান ও পার্কিংয়ের কারণে এখানেও যানজট তৈরি হয়।
৩১ নম্বর ওয়ার্ডের সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য কাউন্সিলর মো. শফিকুল ইসলামকে পাওয়া যায়নি। কার্যালয়ে গেলে তাঁর সচিব মো. আলমগীর জানান, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন।