ভবানীগঞ্জ-সইপাড়া সড়কে বাস চলাচল বন্ধ এক বছর
বাগমারা উপজেলা থেকে রাজশাহী শহরে যাতায়াতের প্রধান পথ ভবানীগঞ্জ-সইপাড়া সড়ক। ২৩ কিলোমিটারের এই সড়কে এক বছর ধরে বাস চলাচল বন্ধ। এতে দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ। বিকল্প পথে যাতায়াতে তাদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, সময়ও লাগছে বেশি।
জেলা বাস মালিক সমিতি ও স্থানীয় সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকে ভবানীগঞ্জ-সইপাড়া সড়কে বাস চলাচল শুরু হয়। বাগমারা উপজেলা থেকে এটি জেলা সদরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়ক। প্রথমে ভবানীগঞ্জ থেকে এই সড়ক দিয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উঠতে হয়। সেখান থেকে আরও ২৫ কিলোমিটার দূরে রাজশাহী শহর। প্রথমে উপজেলার লোকজন জেলা সদরে যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করতেন। পরে আরও দুটি সড়কের মাধ্যমে জেলা সদরে যাতায়াত শুরু হয়। তবে সময় ও অর্থসাশ্রয়ী হওয়ায় ভবানীগঞ্জ-সইপাড়া সড়কে যাত্রী চলাচল ছিল বেশি। পার্শ্ববর্তী মোহনপুর ও দুর্গাপুর উপজেলার লোকজনও এই পথ ব্যবহার করতেন। বেহাল সড়কের কারণে গত বছরের জুলাই থেকে বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিক ও শ্রমিকেরা। চলতি বছরের মার্চে সড়কটি সংস্কার করা হয়। স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি দিয়ে পুনরায় স্বল্প পরিসরে পরীক্ষামূলক বাস চলাচল শুরু হয়। তবে যাত্রীসংকট ও লোকসানের কারণ দেখিয়ে সপ্তাহ খানেকের মধ্যে আবার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
উপজেলার ভবানীগঞ্জ কলেজের শিক্ষক মকলেছুর রহমান বলেন, এক বছর ধরে সড়কটি দিয়ে বাস চলাচল বন্ধ। এর ফলে এই অঞ্চলের লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিকল্প পথে অতিরিক্ত ভাড়া দিয়ে রাজশাহীতে যেতে হচ্ছে। আগে ভবানীগঞ্জ থেকে সইপাড়া যেতে ৩০ টাকা লাগত। এখন এর দ্বিগুণ খরচ হচ্ছে। সময়ও লাগছে বেশি।
গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, এই ইউনিয়নের লোকজনের জেলা সদরের সঙ্গে সড়কপথে যোগাযোগের সহজ পথ এটি। বাস চলাচল বন্ধ থাকায় রোগী ও মালামাল নিয়ে জেলা শহরে যেতে সমস্যায় পড়তে হচ্ছে।
ভবানীগঞ্জ বাসস্ট্যান্ডের চেইনমাস্টার আবদুস সাত্তার বলেন, নছিমন, করিমন, ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যানবাহন বেশি চলায় এই সড়কে বাসের যাত্রী কমে গেছে। লোকসানের কারণে এই পথ দিয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন চালকেরা। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ও এখতিয়ার জেলা বাস মালিক সমিতির।
জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান বলেন, যাত্রী কমে যাওয়ার কারণে শ্রমিকেরা বাস চালাতে চান না। তবে অল্প দিনের মধ্যেই সড়কটি দিয়ে বাস চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।