ভবানীগঞ্জে ভুল সেটে এসএসসি পরীক্ষা
রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভুল সেটে ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রসচিবের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, ১৮ মার্চ ইসলাম শিক্ষা (সৃজনশীল) বিষয়ে ওই কেন্দ্রে ৯২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশে ওই দিন বোর্ডের সব কেন্দ্রে ‘ক’ সেটে রচনামূলক অংশের পরীক্ষা নেওয়া হয়। তবে বাগমারার ভবানীগঞ্জ কেন্দ্রে তা মানা হয়নি। কেন্দ্রসচিব ওই বিষয়ে ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে পরীক্ষা নেন। পরীক্ষার্থীরাও বিষয়টি না বুঝেই পরীক্ষা দেয়। তবে গত রোববার কয়েকজন পরীক্ষার্থী এলাকার অন্য কেন্দ্রের পরীক্ষার্থীদের সঙ্গে আলাপ করে বিষয়টি বুঝতে পারে।
মাসুমা আক্তার নামের ওই কেন্দ্রের এক পরীক্ষার্থী বলে, মচমইল কেন্দ্রের পরীক্ষার্থী এক বান্ধবীর সঙ্গে ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলাপ করে সে বিষয়টি জানতে পারে। সে জানায়, তাদের সরবরাহ করা ‘খ’ সেটের প্রশ্নপত্র ‘ক’ সেটের চেয়ে কঠিন হওয়ায় তার পরীক্ষা ভালো হয়নি। এর আগে একই রকমের ঘটনায় উপজেলার তাহেরপুর পরীক্ষাকেন্দ্রের তিন শতাধিক পরীক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছিল।
মচমইল পরীক্ষাকেন্দ্রের সচিব আহসান হাবিব বলেন, বোর্ডের নির্দেশে তাঁরা ‘ক’ সেটে ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা নিয়েছেন। ভুল সেটে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের ফলাফল স্থগিতসহ কেন্দ্রের ৯২৮ পরীক্ষার্থীর ফল আশানুরূপ না-ও হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন।
কেন্দ্রসচিব ও ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহবুল হক বলেন, ওই দিন একটু দেরিতে কেন্দ্রে যাওয়ায় এ সমস্যা হয়েছে। তবে পরীক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা হবে না।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ হুরাইরা প্রথম আলোকে জানান, পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব পালনে অবহেলার জন্য কেন্দ্রসচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।