ভবানীগঞ্জে মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় মাদকের ব্যবসা বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। বাগমারা থানার ওসি দাবি করেছেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই।
স্থানীয় অন্তত অর্ধশত ব্যক্তি জানান, উপজেলার মাদক ব্যবসার প্রধান ঘাঁটি ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া। এখানে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ও ফেনসিডিল বিক্রি হয়। উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদকসেবীরা এখান থেকে মাদক কিনে নিয়ে যায়। স্থানীয় মাদকসেবীরাও এখান থেকে মাদক সংগ্রহ করে। সহজে পাওয়ার কারণে স্থানীয় তরুণ ও যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মাদক ব্যবসায়ীরা নিজেরা প্রভাবশালী ও সব সময় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকেন। চানপাড়ার এলাকাটি মূল সড়কের (ভবানীগঞ্জ-তাহেরপুর) পাশে হওয়ার কারণে মাদকসেবীরা সহজে কিনে নিরাপদে যেতে পারে। মাঝেমধ্যে এখানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হলেও ব্যবসা বন্ধ হয়নি। অনেকে আটক হওয়ার পর জামিনে এসে ওই পেশাতেই নেমে পড়ে।
ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুর রাজ্জাক প্রামাণিক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চানপাড়ায় মাদক ব্যবসা চলে এলেও প্রতিকারে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। স্থানীয় আটজন ব্যবসায়ী মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন। তাঁদের নাম উল্লেখ করে এলাকার লোকজন ১২ জুন প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
চানপাড়া ও ভবানীগঞ্জ এলাকার ছয়জন অভিভাবক জানান, হাতের কাছে সহজে মাদকদ্রব্য পাওয়ার কারণে তাঁদের সন্তানেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। তাদের অনেককে ভ্রাম্যমাণ আদালতে দিয়ে এবং মাদক নিরাময় কেন্দ্রে পাঠিয়েও ভালো করতে পারেননি। তাঁরা এ জন্য প্রশাসনের অসহযোগিতাকে দায়ী করেছেন।
আবদুল হান্নান নামে আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা জানান, মাদক ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের দমানো যাচ্ছে না। এলাকার লোকজন সম্মিলিতভাবে তাঁদের প্রতিরোধের চেষ্টা করেও পারেননি। নিরুপায় হয়ে প্রশাসনকে স্মারকলিপি দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন।
প্রশাসনকে দেওয়া এলাকাবাসীর স্মারকলিপিতে নাম থাকা দুজন মাদক ব্যবসায়ী নাম গোপন রাখার শর্তে এই প্রতিবেদককে জানান, তাঁরা আপাতত মাদক ব্যবসা করছেন না। মাদক ব্যবসা ছেড়ে দিয়েছেন। তবে স্থানীয় ব্যক্তিরা বলেছেন, তাঁরা এখনো ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসন ব্যবস্থা না নেওয়ার কারণেই মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না।
তবে বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান, তিনি মাদকের সঙ্গে কোনো আপস করবেন না। চানপাড়ার মাদক ব্যবসায়ীদের বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।