ভবানীপুর গণহত্যা দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ভবানীপুর গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী উপজেলার ভবানীপুর গ্রামের ১৮ জন নারী-পুরুষকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
গতকাল বিকেলে ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা সেদিনের বর্বরতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত বক্তারা শহীদ পরিবারের দরিদ্র সদস্যদের প্রতি সরকারের নজর দাবি করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা মকবুল। শাহজাহান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মিজানুর রহমান, মাহবুবুর রহমান, শাহাজান মাস্টার প্রমুখ।
স্বাধীনতার ৪৫ বছর পর গতকালই প্রথম গ্রামবাসী সে দিনের শহীদদের স্মরণে সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। সভায় শহীদদের স্বজন ও গ্রামবাসী প্রতিবছরই দিনটি স্মরণ করার সিদ্ধান্ত নেন।
১৯৯৬ সালে শহীদদের স্মরণে ভবানীপুর কবরস্থানের একাংশে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।