
প্রাচীন মন্দিরটি বয়সের ভারে জরাগ্রস্ত। অতিথিশালার ছাদ ধসে পড়েছে। হরেক জাতের লতাগুল্ম নিরুপদ্রবে বেড়ে উঠেছে দেয়ালে-অন্দরে। সীমানাপ্রাচীরের শীর্ষদেশ ঢেউ খেলানো। তাতে যে কারুকাজ ছিল, তা ঢেকে গেছে বহুদিনের জমে ওঠা ধুলো আর শেওলায়। ভেতরে এক একর ৬২ শতাংশ জায়গাজুড়ে ফলদ-বনজ গাছের ছায়া-সুনিবিড় পরিবেশে স্থাপিত ছোট-বড় আটটি মন্দির। সীমানাপ্রাচীরের উত্তরে ঘাটবাঁধা বিশাল পুকুর। অতি মনোরম দৃশ্যপট।
বগুড়ার শেরপুর উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে ভবানীপুর ইউনিয়নের এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের একটি পীঠস্থান। পৌরাণিক কাহিনি অনুসারে রাজা দক্ষ মহাদেব শিবকে উপেক্ষা করে একটি যজ্ঞের আয়োজন করেন এবং তাতে তাঁর মেয়ে শিবের স্ত্রী সতীকে আমন্ত্রণ জানান। একে তো শিবকে তিনি আমন্ত্রণ করেননি, উপরন্তু যজ্ঞকালে শিবের নিন্দা করলে স্বামীর কুৎসায় সতী প্রাণত্যাগ করেন। স্ত্রী বিয়োগে শোকাহত শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রায় উন্মাদ হয়ে ঘুরতে থাকেন। বিশ্বব্রহ্মাণ্ডে তোলপাড় পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে ভগবান বিষ্ণু তাঁর হাতের সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সেই চক্রাঘাতে শিবের স্কন্ধস্থিত সতীর দেহ ৫২টি খণ্ড হয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। যেখানে এই খণ্ডগুলো পড়েছিল, সেই স্থানগুলো পুণ্যময় পীঠস্থান হিসেবে খ্যাত হয়ে ওঠে। সতীদেহের বাঁ পাঁজরের অস্থি পড়েছিল ভবানীপুরে। বাঁ পাশের পাঁজরের হাড় এখানে পড়ায় এই পীঠস্থানটির নাম ‘বামতল্প’।
ভবানীপুরের বর্তমান মন্দিরটি নির্মাণ করেন নাটোরের ছোট তরফের মহারাজা বীরেন্দ্রনাথ রায় বাহাদুর। তবে পীঠস্থান হিসেবে বহুকাল থেকেই এখানে পূজা-অর্চনা চলছিল। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া তাঁর বাংলাদেশের প্রত্নসম্পদ বইতে লিখেছেন, ‘ভবানীপুর হিন্দুদের একটি পীঠস্থান। এখানে নাটোরের মহারাজা কর্তৃক নির্মিত মন্দিরের ধ্বংসাবশেষ আছে। কিন্তু এই স্থান আরও প্রাচীন। বহু প্রাচীন দুর্গ ও ইমারতাদির ধ্বংসাবশেষ এবং জলাশয় এখানে দেখা যায়।’ মন্দিরের আশপাশে এখন ঘনবসতি। তা সত্ত্বেও ইমারতের ধ্বংসাবশেষের চিহ্ন, ইটের টুকরা ও পুকুরগুলো পুরোনো দিনের স্মৃতির নিদর্শন হয়ে আছে।
মন্দিরের নায়েব অমূল্য চন্দ্র চক্রবর্তী জানালেন, বছরে দুবার এখানে পুণ্যার্থীদের আগমন ঘটে। মাঘ মাসের পূর্ণিমায় এক দিনের পূজা। চৈত্র মাসের অষ্টমী, নবমী ও দশমীতে হয় তিন দিনের পূজা। তখন জমজমাট মেলা বসে মন্দিরের আশপাশে। পুকুরে পুণ্যস্নান করেন ভক্তরা। দেশের বিভিন্ন প্রান্ত এবং ভারত থেকেও প্রচুর পুণ্যার্থী আসেন বাসন্তী পূজায়। এ ছাড়া সারা বছরই মানত ও ব্যক্তিগতভাবে পূজা দিতে ভক্তদের আগমন ঘটে। পুণ্যার্থীদের দেওয়া অর্থে সংস্কারের কাজ চলছে। প্রধান মন্দিরটির নাম ‘মা ভবানী মন্দির’। এটি নতুন করে নির্মাণ করা হয়েছে। সামনের প্রাঙ্গণে সিরামিক টালি বসানো হচ্ছে। নির্মাণ করা হচ্ছে অতিথিশালা। তবে কাজ চলছে ধীরে।
অন্যান্য মন্দিরের মধ্যে তারকেশ্বর মন্দিরটির চৌচালা ছাদের ওপর গম্বুজ আকৃতির চূড়া। বাংলাঘরের ছাদের মতো ছাদের কিনার ধনুকের মতো বাঁকানো। চমৎকার গড়ন। দক্ষিণেশ্বর শিবমন্দির, পিঙ্গেশ্বর শিবমন্দির দুটি আকারে ছোট। অষ্টকোনাকৃতির। বামেশ ভৈরর মন্দিরটি একতলা সাধারণ ঘরের আকারের। এ ছাড়া আছে গোপাল মন্দির ও বাসুদেব মন্দির। এসব মন্দিরের দেয়াল ও চূড়ায় শিবমূর্তি ও ধর্মীয় প্রতীকের কারুকাজখাচিত।
মন্দিরের পাশের পুকুরটি প্রায় তিন একরের। অমূল্য চন্দ্র চক্রবর্তী জানালেন, ১৭৪৫ সালে নাটোরের মহারাজা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মহারাজার নিয়োগ মোতাবেক বংশপরম্পরায় তাঁরা নায়েব হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন অবশ্য তিনি মন্দির থেকে কোনো পারিতোষিক পান না। তবে নিয়মিত দেবসেবা করে যাচ্ছেন।
মন্দিরের নামে প্রায় ৩০০ বিঘা জমি ছিল। বেদখল হয়ে গেছে। এ নিয়ে মামলা-মোকদ্দমাও চলছে। উদ্ধার হওয়া শক্ত। তবে ভক্তদের প্রত্যাশা, প্রাচীন এই স্থাপনা ও ধর্মীয় পুণ্যময় পীঠস্থানটির সংস্কারে সরকার সহায়তা দেবে।