ভবিষ্য তহবিলের ২৫ কোটি টাকা খরচ, পাওনা মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জুট মিলের শ্রমিক-কর্মচারীদের ভবিষ্য তহবিলের ২৫ কোটি টাকা কর্তৃপক্ষ অন্য খাতে খরচ করে ফেলেছে। এতে ১০ বছর ধরে তাঁদের এ টাকা দেওয়া বন্ধ আছে। সেই সঙ্গে সাত বছর ধরে সরকার তাঁদের অবসরকালীন পাওনা পরিশোধ করছে না। এ কারণে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা।
জুট মিল সূত্রে জানা গেছে, একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে মিলের শ্রমিক-কর্মচারীদের ভবিষ্য তহবিল নিয়ন্ত্রণ করা হয়। মিলের প্রকল্প প্রধান এই বোর্ডের সভাপতি ও অর্থ ব্যবস্থাপক এর সম্পাদক। মিল কর্তৃপক্ষ একসময় শ্রমিক-কর্মচারীদের ভবিষ্য তহবিলে জমানো টাকা মিলের অন্য খাতে খরচ করে ফেলে। এরপর ওই টাকা পরিশোধ করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এখন শুধু দুই ঈদের সময় চার-পাঁচ হাজার করে টাকা দেওয়া হয়। শ্রমিকেরা জানান, তাঁদের তহবিলের টাকা অন্য খাতে খরচ করার ব্যাপারে বাংলাদেশ পাটকল করপোরেশনের কোনো অনুমোদন নেওয়া হয়নি।
যেসব শ্রমিক-কর্মচারী ইতিমধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, তাঁদের তহবিল থেকে প্রায় চার কোটি টাকা পাওনা হয়েছে। এ ছাড়া সরকার তাঁদের অবসরকালীন পাওনাও পরিশোধ করছে না। এ ব্যাপারে গত ২৫ মার্চ অবসর নেওয়া ৪৪ জন শ্রমিক-কর্মচারী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। তাতে বলা হয়, ২০০৯ সালের ১ জুলাই থেকে তাঁদের অবসরকালীন পাওনা পরিশোধ করা হচ্ছে না। আবার নিজের বেতন থেকে ভবিষ্য তহবিলে যে টাকা জমা রাখা হয়েছিল, তা-ও দেওয়া হচ্ছে না। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তাঁরা।
আফসার আলী নামে অবসরপ্রাপ্ত একজন শ্রমিক বলেন, তিনি ২০১৩ সালের ১৯ অক্টোবর অবসর নিয়েছেন। তিনি ১ লাখ ১৪ হাজার টাকা অবসর ভাতা পাবেন। এ ছাড়া তাঁর অবসরকালীন পাওনা আছে ৪ লাখ ৮ হাজার টাকা। অথচ এই দুই বছরে চার কিস্তিতে তাঁকে মাত্র ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মেয়ের বিয়ের সময় যে টাকা তিনি দিতে চেয়েছিলেন, তা তিনি শোধ করতে পারেননি বলে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। অবসরপ্রাপ্ত শ্রমিক শের মোহাম্মদ বলেন, গত ১৫ জানুয়ারি তিনি অবসরে গেছেন। তিনি ২ লাখ ৩৬ হাজার টাকা অবসর ভাতা পাবেন। এ ছাড়া অবসরকালীন পাওনা রয়েছে সাড়ে ছয় লাখ টাকা। তিনি একটি টাকাও পাননি। জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক বলেন, ভবিষ্য তহবিল বাবদ তাঁদের মজুরি থেকে এবং এই তহবিল থেকে নেওয়া ঋণের কিস্তি ঠিকই কাটা হচ্ছে। কিন্তু পাওনা পরিশোধ করা হচ্ছে না।
মিলের প্রকল্পপ্রধান জিয়াউল হক বলেন, এরশাদ সরকারের সময় খুব সংকটের কারণে কাঁচা পাট কেনার জন্য এই তহবিলের টাকা ব্যবহার করা হয়েছিল। পরে আর ওই টাকা তহবিলে স্থানান্তর করা সম্ভব হয়নি। পরে সব মিলিয়ে তহবিলের প্রায় ২৫ কোটি টাকা অন্যত্র খরচ করে ফেলা হয়েছে। এখনো তহবিলের নামে টাকা কাটা হচ্ছে, কিন্তু শ্রমিকদের পুরো পাওনা দেওয়া সম্ভব হচ্ছে না।