ভবিষ্যতে অধূমপায়ীরা মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অধূমপায়ী ও মাদক সেবন করেন না, এমন প্রত্যয়নপত্র জমা দিলে ভবিষ্যতে শিক্ষার্থীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আগামী বছর থেকেই এ শর্ত জুড়ে দেওয়া হবে বলে তিনি জানান।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজধানীর মিরপুরে নিজস্ব মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ছে। সাধারণত রক্তে কোলেস্টেরলের উচ্চ মাত্রা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। আজকাল হাসপাতালে ৩০-৩৫ বছর বয়সী যেসব রোগী আসছেন, তাঁদের হৃদ্‌রোগের কারণ ধূমপান।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল মালিক হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে সংবাদমাধ্যমগুলোকে সচেতনতামূলক বার্তা বারবার প্রচারের অনুরোধ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মোস্তফা জামান হাসপাতালের পরিবেশ হৃদ্‌যন্ত্রের সুস্থতার জন্য কতটা উপযুক্ত, তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি প্রশ্ন করেন, হাসপাতালের ক্যানটিনে কি সব সময় স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হয়? হাসপাতালের আশপাশে কি পান-জর্দা, বিড়ি-সিগারেট বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে? তিনি জানান, সরকার দুটি জেলা হাসপাতাল ও দুটি উপজেলা হাসপাতাল ধূমপানমুক্ত করতে কাজ করছে।

হৃদ্‌রোগের ঝুঁকি কী, কীভাবে এ ঝুঁকি এড়ানো সম্ভব—এসব বিষয়-সম্পর্কিত উপস্থাপনায় আয়োজক প্রতিষ্ঠানের এপিডেমিওলজি বিভাগের প্রধান সোহেল রেজা বলেন, বাংলাদেশে চার কোটি মানুষ ধূমপান করেন। এখন ৫৯ ভাগ মৃত্যু হচ্ছে হৃদ্‌রোগসহ বেশ কয়েকটি অসংক্রামক রোগে। তামাক সেবন, সুষম খাদ্য না খাওয়া, অপর্যাপ্ত কায়িক শ্রম ও মানসিক চাপে মানুষ হৃদ্‌রোগে আক্রান্ত হতে পারে। তিনি সিগারেট, ফাস্টফুড ও কোমল পানীয়ের দাম বাড়ানোর সুপারিশ করেন।

জন্মগত হৃদ্‌রোগের ঝুঁকি এড়াতে মায়েদের মামস, মিজেলস ও রুবেলার টিকা দেওয়ার পরামর্শ দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহসভাপতি সিরাজুল ইসলাম।