শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষা খাতে আমরা বিরাট সাফল্য অর্জন করেছি। বাংলাদেশ এখন আর বিদেশ থেকে প্রযুক্তির জ্ঞান আমদানি করবে না, তৈরি করবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে জ্ঞান তৈরি হচ্ছে। ভবিষ্যতে আমরা বহির্বিশ্বে জ্ঞান রপ্তানি করব।’
গতকাল শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন মাঠে এ অনুষ্ঠান হয়।
এর আগে শিক্ষামন্ত্রী প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত একটি অনুষদীয় ভবন, প্রফেসর্স-অফিসার্স কোয়ার্টার, শিক্ষক-কর্মকর্তা ডরমিটরি ও স্টাফ ডরমিটরি ভবনের উদ্বোধন করেন।
ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মতিয়ার রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, ডিন কাউন্সিলের আহ্বায়ক এ এফ এম সাইফুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক নূর হোসেন মিঞা, মহানগর পুলিশের উপকমিশনার বাসুদেব বণিক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহুল ভট্টাচার্য ও ফাহমিদা ইসহাকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মৃত্যুঞ্জয় বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক হৃতিক দেব। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তানজিলা ফারিয়া রাফা ও মেহেদী হাসান সৌরভ।
শিক্ষাকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘দেশের কৃষি খাতের উন্নয়নে বর্তমান সরকার অধিক গুরুত্ব দিয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগের ফলে দেশ এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নয়, আমাদের দেশ থেকে খাদ্য রপ্তানিও করা হচ্ছে।’