ভবিষ্যতে আর ওই সভায় যাবেন না উপদেষ্টা
আইনশৃঙ্খলা সভার বক্তৃতায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করলে তার কোনো বিচার হয় না। এমন কি প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বললে সেটা রেজুলেশনেও ওঠে না। এমনই অভিযোগ করে ওই সভায় ভবিষ্যতে আর যাবেন না বলে ঘোষণা দিয়েছেন ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ডা. রাশেদ সমশের।গত ২৭ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. রাশেদ সমশের তাঁর বক্তৃতায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করেন। এর কোনো তদন্ত করা হয়নি। এমনকি পরবর্তী সময়ে ২৮ ফেব্রুয়ারি সভায় দেখা যায়, আগের সভার রেজুলেশনে তাঁর দেওয়া বক্তৃতা লিপিবদ্ধ করা হয়নি।এ ব্যাপারে কমিটির সভাপতি ও ইউএনও আনজুমান আরা জানান, সঠিক তথ্যপ্রমাণ পেলে বিষয়টি দেখা হবে। পাশাপাশি তাঁর বক্তৃতা রেজুলেশনে থাকবে বলে জানান।