বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, প্রবল ইচ্ছাশক্তির ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। ভবিষ্যতে এ দেশে শিক্ষাবিপ্লব হবে।
গতকাল শুক্রবার রাজধানীতে ‘বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি সমিতি (হিয়াব)’ নামের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মজীনা এ কথা বলেন। গার্হস্থ্য অর্থনীতি কলেজ নিজেদের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ইতিমধ্যে কৃষিতে বিপ্লব করেছে। স্বাস্থ্যেও অনেকটা উন্নতি হয়েছে। মাতৃমৃত্যুহার কমেছে। এসবই হয়েছে এ দেশের মানুষের প্রবল মনোবাসনার কারণে। দেশে পরবর্তী সময়ে শিক্ষাবিপ্লব হবে উল্লেখ করে মজীনা বলেন, ‘আশা করি, বাংলাদেশ সরকার ভালো ও মানসম্পন্ন শিক্ষক নিয়োগ দেবে এবং তাঁদের ভালো সম্মানী ও সুবিধা দেবে, যাতে তাঁরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিক্ষা দিতে পারেন।’ গার্হস্থ্য অর্থনীতি শিক্ষা সম্পর্কে তিনি বলেন, ‘এটি আমাদের শেখায় কীভাবে আমরা কর্মময় ও সুখী জীবনযাপন করতে পারি।’
জাঁকজমকপূর্ণ পরিবেশ ও আয়োজনে ‘হিয়াব’ যাত্রা শুরু করল। ১৯৬১ সালে গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতিষ্ঠার ৫৩ বছর পর দেশে প্রথমবারের মতো এ ধরনের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। দুপুর ১২টার দিকে গার্হস্থ্য অর্থনীতি কলেজের মিলনায়তনে ‘ঘণ্টা বাজিয়ে’ সমিতির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবদুল মুহিত বলেন, সংগঠন সভ্যতার উন্নতির সোপান। সভ্যতার শুরু থেকে সংগঠন তৈরি হয়েছে। এই সংগঠন আরও অনেক আগেই প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে গার্হস্থ্য অর্থনীতির শিক্ষাকে কাজে লাগাতে হবে। সব জায়গায় যেখানে নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করা হয়েছে, সেখানে কেন ছেলেরা গার্হস্থ্য অর্থনীতি পড়তে পারবে না, এমন প্রশ্ন রাখেন তিনি।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি সাবেক সচিব নাসিম ফেরদৌস, সাধারণ সম্পাদক কলেজের সাবেক অধ্যক্ষ ফাতিমা সুরাইয়া, বিশিষ্ট ডিজাইনার বিবি রাসেল, সাবেক সাংসদ রোমানা মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।