বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগই বাংলাদেশের শেষ সরকার নয়। মিথ্যা ও হয়রানির মামলা করে আপনারা যে দৃষ্টান্ত স্থাপন করছেন, ভবিষ্যতে একই পরিণতি হবে আপনাদেরও।’গতকাল রোববার খুলনা মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মওদুদ আহমদ এসব কথা বলেন। খুলনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের একটি মামলায় জামিন পাওয়ার পর মওদুদকে ওই সংবর্ধনা দেয় জেলা ও মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির খুলনা মহানগর সভাপতি সাংসদ নজরুল ইসলাম।সভায় মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী এমপি ও মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না।’মওদুদের বিরুদ্ধে ৮ আগস্ট রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন খুলনার অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এম সাজ্জাদ আলী। মামলায় তিনি অভিযোগ করেন, ৪ আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আমরা আমাদের শক্তি শেষ করব না। জামায়াতের শক্তি এমনিতেই আছে। সময় হলেই এই শক্তি সরকারের বিরুদ্ধে প্রয়োগ করা হবে।