ডুবোজাহাজ কেনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নেভাল জেটিতে তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম নেভাল জেটিতে তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে নৌবাহিনীর জন্য ভবিষ্যতে ডুবোজাহাজ কেনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার চট্টগ্রামে দুটি টহল বিমান ও তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্রবিরোধের অবসানে বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একান্ত অর্থনৈতিক এলাকার আইনগত অধিকার লাভ করেছি।’ ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্রসীমার মামলার যে রায় হবে, তাতেও বাংলাদেশ জয়লাভ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই বিশাল সমুদ্রসীমার নিরাপত্তাবিধান অপরিহার্য। নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা প্রতিকূলতা মোকাবিলা করে সমুদ্র এলাকার নিরাপত্তার নিশ্চয়তা বিধান করছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও দক্ষ ও আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনী উপহার দিতে সরকার বদ্ধপরিকর।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বর্তমান সরকার ক্ষমতায় থাকার সময় নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছিল ত্রিমাত্রিক ক্ষমতাসম্পন্ন বানৌজা বঙ্গবন্ধু। এবার ক্ষমতা গ্রহণের পর ২০১১ সালে নৌবাহিনীতে সংযোজিত হয় ইতালি থেকে কেনা দুটি মেরিটাইম হেলিকপ্টার। আজ নেভাল এভিয়েশনে যুক্ত হলো জার্মানি থেকে কেনা দুটি টহল বিমান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌবাহিনী-প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। এরপর জহুরুল হক বিমানঘাঁটিতে বোতাম টিপে নৌবাহিনীর জন্য কেনা দুটি টহল বিমানের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দুপুরে চট্টগ্রামের নেভাল জেটিতে বানৌজা নির্মূল, দুর্জয় ও সুরমা—এই তিনটি যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

অনুষ্ঠানে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘বানৌজা বঙ্গবন্ধু’কে ১২ বছরের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনটি যুদ্ধজাহাজের অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন তিনি। এরপর প্রধানমন্ত্রী বানৌজা বঙ্গবন্ধু ঘুরে দেখেন এবং সমরাস্ত্র পরিদর্শন করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীনসহ সাংসদ, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, নৌবাহিনীতে প্রথমবারের মতো সংযোজন হওয়া দুটি টহল বিমান মূলত বিস্তৃত সমুদ্র এলাকায় সার্বক্ষণিক নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নিযুক্ত হবে।

অন্যদিকে নতুন সংযোজন হওয়া বানৌজা নির্মূল ও দুর্জয় সি-৭০৪ ক্ষেপণাস্ত্র-সংবলিত অত্যাধুনিক যুদ্ধজাহাজ। চীনে তৈরি এ দুটি যুদ্ধজাহাজ ঘণ্টায় ৫২ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।

নৌবহরে যুক্ত হওয়া অন্য জাহাজ বানৌজা সুরমা তৈরি হয়েছে খুলনা শিপইয়ার্ডে। এটি ঘণ্টায় ৪৪ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।