মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীরা বর্তমানে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে নারীদের জন্য কোটা প্রথার প্রয়োজন হবে না। পুরুষের জন্য কোটা প্রথা চালু করা লাগতে পারে।
আজ রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন নারী ও সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। দেশব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার মর্যাদায়, নারী-পুরুষ সমানে সমান’।
প্রতিমন্ত্রী বলেন, নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশে বিভিন্ন আইন আছে, তা বাস্তবায়নেও প্রতিমন্ত্রী সবার সহযোগিতা চান।
মানববন্ধনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, নারী-পুরুষ সবাই সমানভাবে অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত হলে ২০৩০ সালের আগেই দেশে নারী-পুরুষে সমতা অর্জিত হবে।
মানববন্ধনে অংশ নেওয়া নারীরা বেগুনি শাড়ি পড়েন। তাঁদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও প্লে-কার্ড। মানববন্ধনে মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠনের পুরুষেরাও উপস্থিত ছিলেন।