ভবিষ্যতে বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার হবে চীন: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, চীনের কুনমিং থেকে বাংলাদেশ পর্যন্ত সড়ক ও রেলযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ চীনের সঙ্গে সড়ক ও নৌপথে যোগাযোগ সম্পর্ক বাড়াতে বিশেষভাবে আগ্রহী। চীন অদূর ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হবে।গতকাল শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে সাম্যবাদী দল আয়োজিত চীন প্রজাতন্ত্রের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ভারত ও চীন বর্তমানে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি। এ দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কার্যকর সুসম্পর্কের ওপর বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি নির্ভর করছে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন বলেন, বাংলাদেশের সঙ্গে চীন পারস্পরিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে লেনদেনের ভিত্তিতে কাজ করতে আগ্রহী।