ভবিষ্যতে বিদ্রোহ রোধে সংস্কার প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের মতো দুঃখজনক এবং ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা এড়াতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীতে বেশ কয়েকটি সংস্কার প্রয়োজন বলে মনে করেন আদালত। গতকাল মঙ্গলবার রায়ের সঙ্গে দেওয়া পর্যবেক্ষণে আদালত সংস্কারের জায়গাগুলো চিহ্নিত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এতে বিডিআরের (বিজিবি) সুযোগ-সুবিধা অন্য বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে করার ওপর জোর দেওয়া হয়।

গতকাল রায় ঘোষণার শুরুতেই বিচারক মো. আখতারুজ্জামান বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। আমি যখন এই মামলার বিষয়বস্তু, সাক্ষীদের জবানবন্দি ও নথিপত্রগুলো পড়েছি, তখন শিউরে উঠেছি। আইনের ছাত্র হিসেবে আমরা পড়েছি, মৃতদেহেরও আইনগত অধিকার থাকে। সেই হিসেবে নিহত ব্যক্তিদের মৃতদেহের যে সম্মানটুকু পাওয়া উচিত ছিল, সেটুকুও দেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘রায় প্রস্তুত করার সময় নথিপত্র পড়ে বিডিআর বিদ্রোহের সম্ভাব্য যে কারণগুলো থাকতে পারে বলে আমার মনে হয়েছে, সেই ব্যক্তিগত পর্যবেক্ষণগুলোর সংক্ষিপ্তসার আমি তুলে ধরতে চাই।’
আদালত পর্যবেক্ষণে বলেন, ‘বিডিআর বিদ্রোহের অনেক কারণ থাকতে পারে। একটি কারণ হতে পারে সামরিক নিরাপত্তা-সম্পর্কিত। দেশের সামরিক বাহিনীর মনোবল যাতে ভেঙে যায়, এ জন্য এই বিদ্রোহ হয়ে থাকতে পারে। কূটনৈতিক কারণ হতে পারে বহির্বিশ্বে আমাদের একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে উচ্ছৃঙ্খল দেখিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করা। অর্থনৈতিক কারণ হতে পারে, দেশের একটি সুশৃঙ্খল বাহিনীতে যদি গন্ডগোল থাকে, তবে দেশে বিনিয়োগ হবে না। অস্থিতিশীল পরিবেশ থাকলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড দুর্বল হয়ে যাবে। সামাজিক কারণ হতে পারে সশস্ত্র বাহিনীতে যোগদানে মানুষকে নিরুৎসাহিত করা, সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারকে অসম্মান করা। এ ছাড়া রাজনৈতিক কারণও থাকতে পারে।’

আদালত বলেন, ‘বিডিআর বিদ্রোহের আগে একটি লিফলেট বিলি করে জওয়ানরা তাঁদের প্রতি বৈষম্যের কথা জানিয়েছিলেন। লিফলেটে যেসব দাবি করা হয়েছে, তার কয়েকটি যৌক্তিক হলেও বেশির ভাগ দাবিই অযৌক্তিক। সামরিক বাহিনী থেকে প্রেষণে বিডিআরে যাওয়া সেনা কর্মকর্তা ও বিডিআর সদস্য—এই দুই পক্ষের মধ্যে একধরনের ঈর্ষা কাজ করে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বিডিআরে যাঁরা যোগ দেন, তাঁরা পছন্দ করে স্বেচ্ছায় ওই বাহিনীতে গিয়েছেন এবং যোগ্যতা অনুসারে পদ পেয়েছেন। আমরা যাঁরা আমাদের পেশায় এসেছি, প্রত্যেকেই নিজের পছন্দে এখানে এসেছি। তাই এ ধরনের ঈর্ষা থাকা উচিত নয়।’

আদালত পর্যবেক্ষণে বলেন, ‘অপারেশন ডালভাত’ বিডিআর বিদ্রোহের একটি বড় কারণ। ২১৮ বছরের পুরোনো এই বাহিনীর ঐতিহ্য ডালভাত কর্মসূচি ধ্বংস করে দিয়েছে। এ কর্মসূচি বাহিনীর সদস্যদের সততার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে। আমার মনে হয়েছে, একটি শৃঙ্খালবদ্ধ বাহিনীকে কখনোই এ ধরনের কর্মসূচিতে যুক্ত করা ঠিক নয়। এ জন্য ভবিষ্যতে সামরিক বাহিনী, আধা-সামরিক বাহিনী বা কোনো শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে ‘অপারেশন ডালভাত’-এর মতো কর্মসূচিতে যুক্ত করা উচিত হবে না।’
পর্যবেক্ষণে আরও বলা হয়, পিলখানার অভ্যন্তরে মহান মুক্তিযুদ্ধের দুজন বীরশ্রেষ্ঠর নামে দুটি স্কুল রয়েছে। ওই স্কুল দুটিতে বিডিআর জওয়ানরা তাঁদের সন্তানদের ভর্তি করতে না পারায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বিডিআর সদস্যরা দেশের সীমান্তে প্রত্যন্ত এলাকায় কাজ করেন। তাঁদের সন্তানদের ভালো স্কুলে ভর্তি করার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত। এ ক্ষেত্রে পিলখানার ভেতরে নতুন করে স্কুল স্থাপন, বাইরের স্কুলগুলোতে তাঁদের সন্তানদের বেশি করে ভর্তি করা যায় কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখতে পারে।

আদালত বলেন, পিলখানার আশপাশের এলাকা লালবাগ, হাজারীবাগ প্রভৃতি এলাকায় বহুসংখ্যক বিডিআর সদস্য পরিবার নিয়ে বসবাস করায় তাঁদের সঙ্গে এলাকার মানুষের একটি সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে। পিলখানার ভেতরে আবাসন না পেয়ে তাঁরা আশপাশে বাসা ভাড়া করে থাকতে বাধ্য হতেন। যখন বিদ্রোহ ঘটে, তখন তারা জওয়ানদের বিদ্রোহে সাহায্য করেছে। বাইরে যাঁরা বাসা ভাড়া করে থাকেন, তাঁরা অপরাধে সমর্থন জুগিয়েছেন। এ জন্য বাহিনীর সদস্যদের বাইরে বসবাস নিরুৎসাহিত করে পিলখানার ভেতরে আবাসিক সুবিধা বাড়ানো যায় কি না, তা ভেবে দেখতে হবে।

আদালত পর্যবেক্ষণে বলেন, বিডিআর বিদ্রোহের আগে বাহিনীর ব্যবস্থাপনা ও গোয়েন্দা কার্যক্রমের দুর্বলতা ছিল। যাঁরা এ দায়িত্বে ছিলেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। বাহিনীর ভেতরে গোয়েন্দা কার্যক্রম ও ব্যবস্থাপনা গতিশীল করতে হবে। বিডিআরে প্রেষণে সেনা কর্মকর্তাদের পাঠানোর বিষয়ে আরও যত্নবান হওয়া উচিত। প্রেষণে পাঠানোর আগে তাঁদের মানসিকভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাতে হবে। পর্যবেক্ষণে আরও বলা হয়, এর আগে পুলিশের সঙ্গে এক প্লাটুন বিডিআর সদস্যকে জাতিসংঘ শান্তি মিশনে পাঠানো হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে পরে তাঁদের আর মিশনে পাঠানো হয়নি। ভবিষ্যতে সেনাসদস্যদের সঙ্গে বিডিআর সদস্যদেরও জাতিসংঘ শান্তি মিশনে পাঠানো যায় কি না, তা জাতিসংঘের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হচ্ছে।

সেনাসদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের নিরাপত্তা রক্ষার কাজ করছেন বিডিআর সদস্যরা। তাঁরা যেমন আগেও একসঙ্গে কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন। এ জন্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মতো ২০ শতাংশ প্রতিরক্ষা ভাতা বিডিআর সদস্যদেরও পাওয়া উচিত। এ ছাড়া দুর্গম ও প্রান্তিক পরিবেশে কাজ করেন বলে বাহিনীর সদস্যদের ঝুঁকিভাতা দেওয়া যায় কি না, এ বিষয়টিও বিবেচনা করা উচিত। আদালত বলেন, বিডিআর সদস্যদের চাকরির বয়সসীমা ৫৯ বছর। বাহিনীর সদস্যদের সততা ও কর্মস্পৃহা বাড়ানোর জন্য পদভিত্তিক চাকরির বয়সসীমা বিন্যাস করা উচিত। অন্যান্য বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে এ বয়সসীমা ঠিক করতে হবে।
এ ছাড়া সেনাবাহিনীতে প্রযোজ্য রেশন, বেতন, শৃঙ্খলা ও প্রশিক্ষণের ব্যবস্থা এ বাহিনীতেও করা গেলে ভালো হতো।