স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অধূমপায়ী ছাড়পত্র ছাড়া কোনো শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে না। ভবিষ্যতে এ নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
বিএনপিতে ভাঙনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি তাদের রণকৌশলে ভুল করে এখন ভাঙনের মুখে পড়তে পারে। এ জন্য কাউকে দোষারোপ করা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের পাইকরতলী গ্রামে ২৫০টি পরিবারকে দেওয়া বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন। এ সময় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আজাহার আলী, উপমহাব্যবস্থাপক সুলতান নাসিমুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।