ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরি করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিমানবাহিনীতে নতুন অন্তর্ভুক্ত এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমানের একটিতে উঠে এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিমানবাহিনীতে নতুন অন্তর্ভুক্ত এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমানের একটিতে উঠে এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বাংলাদেশ ভবিষ্যতে যুদ্ধবিমান (ফাইটার প্লেন) তৈরি করবে। তিনি গতকাল বুধবার তেজগাঁওয়ে বিমান বাহিনীর ঘাঁটি বাশারে এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমানের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘আশা করি, আমরা আগামীতে নিজেদের উদ্যোগে যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হব, ইনশা আল্লাহ।’ তিনি বলেন, শিগগিরই রাশিয়া থেকে লোন প্রোটোকলের আওতায় ওয়াইএকে-১৩০ অ্যাডভান্সড জেট ট্রেইনার বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। ইতিপূর্বে রাশিয়া থেকে তিনটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার কেনা হয়েছে। একই প্রোটোকলের আওতায় সম্প্রতি আরও পাঁচটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টারের মধ্যে চারটির অন্তর্ভুক্তি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আরেকটি অন্তর্ভুক্ত হবে। এ ছাড়া একটি এমআই-১৭১-ই হেলিকপ্টার কেনা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার কর্মকাণ্ড গতিশীল করতে বিমান বাহিনীতে দুটি আগাস্তা ওয়েস্ট ল্যান্ড হেলিকপ্টার সংযোজিত হতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড-অব-অনার প্রদান করে। তিনি অভিবাদন গ্রহণ করেন এবং উইং কমান্ডার রাশেদ আহমেদ সিদ্দিকের হাতে অন্তর্ভুক্তি অর্ডার তুলে দেন। পরে তিনি চেক প্রজাতন্ত্রের তৈরি তিনটি নতুন এল-৪১০ পরিবহন প্রশিক্ষণ বিমানের অন্তর্ভুক্তি উপলক্ষে কেক কাটেন এবং একটিতে আরোহণ করে এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মুহাম্মাদ এনামুল বারী, প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়াসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, পাহাড়কাঞ্চনপুরে বিমান ঘাঁটিতে উচ্চক্ষমতাসম্পন্ন রাডার স্থাপন করা হয়েছে এবং সময়োপযোগী প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে ডিজিটাল ককপিটসহ বিভিন্ন ট্রেনিং এয়ারক্রাফট কেনা হচ্ছে।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন, নতুন তিনটি এয়ারক্রাফট অন্তর্ভুক্তির ফলে বিমান বাহিনীর উদ্ধার অভিযান, আকাশপথে টহল ও জরিপ এবং প্যারাট্রুপিংসহ বিমান বাহিনীর সার্বিক পরিবহন ক্ষমতা আন্তর্জাতিক মানে পৌঁছাবে। প্রধানমন্ত্রী এল-৪১০ বিমান উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণে বিমান বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন বলে আশা প্রকাশ করে বলেন, মনে রাখতে হবে জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে এই বিমান কেনা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনী এখন দেশবাসীর আস্থার একটি প্রতীক হয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা এখন সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট এখন কঙ্গো ও মালিতে জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করছে।