ভবিষ্যতে রাস্তায় বিটুমিনের পরিবর্তে কংক্রিট: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের, ফাইল ছবি
ওবায়দুল কাদের, ফাইল ছবি

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের মহাসড়কগুলো পুরোনো হয়ে যাওয়ায় বিটুমিন ব্যবহারের মাধ্যমে সংস্কার করে তা পুরো মাত্রায় ব্যবহারের উপযোগী করা যাচ্ছে না। তাই ভবিষ্যতে পুরোনো রাস্তাগুলো বিটুমিনের পরিবর্তে উন্নত দেশের মতো কংক্রিটের রাস্তা করা যায় কি না, সে সম্ভাবনা ভেবে দেখা হচ্ছে। মেশিন টুলস ফ্যাক্টরির প্রকৌশলী ও কর্মকর্তাদেরও  বিষয়টি নিয়ে কাজ করতে অনুরোধ করা হয়েছে।

যোগাযোগমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শিমুলতলীতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এখন একটি লাভজনক প্রতিষ্ঠান। খরচ জোগান দিয়েও চলতি অর্থবছরে প্রায় ৯০ কোটি টাকা লাভ করেছে প্রতিষ্ঠানটি।

মন্ত্রী বলেন, মহাসড়কের অবৈধ মোটরসাইকেল যানজটের একটি কারণ। বিপুলসংখ্যক মোটরসাইকেল নম্বর প্লেটবিহীনভাবে চলছে, সে বিষয়ে জরিপ চালিয়ে যানজট নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেজর জেনারেল কাজী শরিফ কায়কোবাদ যোগাযোগমন্ত্রীকে কারখানার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে মন্ত্রী ওই কারখানার ডিজিটাল নম্বর প্লেট তৈরি ও গাড়ি সংযোজনসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।