
বই উৎসব উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের হাতে নোটবুক (একধরনের ল্যাপটপ কম্পিউটার) তুলে দেওয়া হবে। এর মাধ্যমে তারা ইন্টারনেট থেকে ডিজিটাল বই নামিয়ে নিতে পারবে। গতকাল বুধবার সকালে গণভবনে চলতি বছরের বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে স্মারক হিসেবে এক সেট বই তুলে দেন। প্রধানমন্ত্রী কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।
এ সময় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যেও বই ছাপা ও বাঁধাইয়ের কাজ সময়মতো শেষ করায় সবাইকে অভিনন্দন জানান।
২০১০ সাল থেকে চার বছরে শিক্ষার্থীদের ১২৪ কোটি পাঠ্যবই বিনা মূল্যে বিতরণ করেছে সরকার।
এ বছর চার কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর মধ্যে ৩১ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫২৬টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। আজ বৃহস্পতিবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। ইতিমধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে গেছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল উৎসবের উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যতে ছোট নোটবুক দিয়ে দেওয়া হবে, যেন তাতে সবই থাকে। সামনে ডিজিটাল বইও দেওয়া হবে। প্রত্যন্ত অঞ্চলে আর বই পাঠানোর দরকার হবে না। শিক্ষার্থীরা সব বই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবে।’
দেশের তিন কোটি ৮৬ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণেরা যাতে আউট সোর্সিংয়ে দক্ষ হয়ে উঠতে পারেন, সে ব্যবস্থা করার পরিকল্পনাও তাঁর রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে বইয়ের গুদামে আগুন দেওয়া হয়েছিল। বই ঠিকমতো পৌঁছানো যাবে কি না, সে বিষয়ে অনেকে সন্দিহান ছিলেন। কিন্তু সব প্রতিকূলতা ডিঙিয়ে বই পৌঁছে দেওয়া সম্ভব হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।