ভবিষ্যতে সবাই সতর্ক থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। এই মামলার রায়ের ফলে এ রকম অপরাধ করতে ভবিষ্যতে সবাই সতর্ক থাকবে। গতকাল বৃহস্পতিবার ১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের পর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের উচ্চপর্যায়ের সম্পৃক্ততায় সন্ত্রাসকে প্রভাবিত করতে একটি পদক্ষেপ ছিল এই অপরাধ। অস্ত্র কাদের জন্য এসেছিল, তা তদন্তে উদ্ঘাটিত হয়েছিল। যে দেশে যে উদ্দেশ্যে অস্ত্র পৌঁছাত, সে দেশের সন্ত্রাস উৎসাহিত হতো এবং তাদের সঙ্গে এ দেশের সম্পর্ক কিছুটা হলেও খারাপ হতো। আনিসুল হক বলেন, তৎকালীন সরকার অস্ত্র আটকের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এ ঘটনা যদি ধামাচাপা দেওয়া হতো, তাতে অপরাধীরা উৎসাহিত হতো। এ ঘটনার বিচার হওয়ায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটাতে যে কেউ ভাববে।