ভবিষ্যতে সাংসদদের সুপারিশের ভিত্তিতে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানান, ২০০৯-১০ অর্থবছরে সারা দেশে এক হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। অর্থসংকটের কারণে নতুন করে এমপিওভুক্ত করার কার্যক্রম আপাতত বন্ধ আছে।জাতীয় সংসদে গতকাল রোববার প্রশ্নোত্তর পর্বে ইমাজউদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা জানান। প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল চারটা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।নূরুল ইসলাম মাহমুদ হুমায়ূনের লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সাংসদদের কাছ থেকে তাঁদের এলাকার তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে। আর্থিক বরাদ্দ পাওয়া গেলে এসব নাম থেকে এমপিওভুক্ত করা হবে। কওমি মাদ্রাসা ২৪ হাজার ৯৩১টি: শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, সারা দেশে ২৪ হাজার ৯৩১টি কওমি মাদ্রাসা রয়েছে। কওমি মাদ্রাসাগুলোর জন্য আলাদা শিক্ষা বোর্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই কওমি মাদ্রাসার জন্য আলাদা পাঠ্যক্রম প্রণয়নের কাজ শুরু হবে। এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি জানান, মাদ্রাসাশিক্ষার আধুনিকায়নে একটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার কার্যক্রম শেষ পর্যায়ে। এ বিষয়ে শিক্ষা, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। এ-সংক্রান্ত প্রস্তাব সচিব কমিটিতে আছে। শিগিগিরই মন্ত্রিপরিষদে অনুমোদনের জন্য তোলা হবে।জনসংখ্যার এক শতাংশ অটিস্টিক: শহীদুজ্জামান সরকারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ জানান, দেশে মোট জনসংখ্যার এক শতাংশ অটিস্টিক। ২০১০ সালের হিসাবে দেশের জনসংখ্যা ১৪ কোটি ৮৬ লাখ। এর মধ্যে ১৪ লাখ ৮৬ হাজার জন অটিস্টিক। অটিজম রিসোর্স সেন্টারের মাধ্যমে অটিস্টিক মানুষের চিকিৎসাসহ নানা সেবা দেওয়া হচ্ছে।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী জানান, সারা দেশে ১১ হজার ২১৪টি নিষ্ক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠনের নামের তালিকা করেছে সমাজসেবা অধিদপ্তর। ইতিমধ্যে সরকার নিষ্ক্রিয় ও গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত থাকার দায়ে চার হাজার ১৯০টি সংগঠন বিলুপ্ত করেছে। তিনি জানান, এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর সারা দেশে ৬২ হাজার ৩৬৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের নিবন্ধন দিয়েছে।বিদ্যালয় স্থাপনে দরপত্র: শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন জানান, ৫৬৯টি বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনে দরপত্র আহ্বান করা হয়েছে। এই ৫৬৯টিসহ এ সরকারের আমলে দেড় হাজার গ্রামে বিদ্যালয় স্থাপন করা হবে। বাকিগুলোর তালিকা চূড়ান্ত করার কাজ চলছে।