ভবিষ্যতে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে: আশরাফ
ভবিষ্যতে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এ জন্য সংশ্লিষ্ট আইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আজ রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ সৈয়দ আশরাফ সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত মঙ্গলবার সৈয়দ আশরাফ সংসদে বলেছিলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় অনুষ্ঠানের চিন্তাভাবনা আপাতত সরকারের নেই। এই বক্তব্যের আগের দিন মিরপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠানের চিন্তাভাবনা করা হচ্ছে।
আজ সৈয়দ আশরাফ বললেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের সঙ্গে তাল মিলিয়ে দশের স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে করতে বিদ্যমান আইন পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে দেশে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের ভোট দলীয় প্রতীকে হয় না। তবে দলীয় সমর্থন থাকায় রূপ পায় রাজনৈতিক মাত্রায়। নির্বাচন কমিশনও বলে আসছে, দলীয়ভাবে এ নির্বাচনে আপত্তি নেই তাদের।
সৈয়দ আশরাফ বলেন, ‘প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাকে এ-সংক্রান্ত আইনগুলো পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে এ বিষয়ে বিভিন্নমহলের মতামতও নেওয়া হবে। গণমাধ্যমের সঙ্গেও মতবিনিময় করা হবে। তারপর মন্ত্রিসভায় ও দলীয় ফোরামে উত্থাপন করা হবে।’
বর্তমানের স্থানীয় নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রার সহায়ক নয় বলে সৈয়দ আশরাফ মন্তব্য করেন।