সড়কে সভা করলে জনদুর্ভোগ হয়। এমন সভা ভবিষ্যতে করা যাবে না। করা হলে সে সভায় আমি দাঁড়াব না। গতকাল শুক্রবার বিকেলে ফেনীর দাগনভূঞায় এক পথসভায় আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
পথসভায় নেতা-কর্মীদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে খুশি করতে হবে না, জনগণকে খুশি করুন। মানুষের মন জয় করুন। নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, এতেই আমি খুশি।’ তিনি বলেন, দুই বছর পর জাতীয় নির্বাচন। এখন থেকে সবাইকে প্রস্তুতি নিতে হবে। পাড়া, মহল্লা, গ্রামে গিয়ে মানুষের বাড়ি বাড়ি উঠান বৈঠকসহ সভা-সমাবেশ করে আওয়ামী লীগের সফলতার কথা তুলে ধরতে হবে।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীনের সঞ্চালনায় এই পথসভায় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সংরক্ষিত নারী সাংসদ জাহান আরা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদরুল কবীর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।