ভবিষ্যতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন প্রথা তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সংসদীয় ৩০০ আসনের মধ্যে নারীদের জন্য ২০ শতাংশ কোটা নির্দিষ্ট রেখে সরাসরি নির্বাচনের মাধ্যমে সাংসদ নির্বাচিত করা হবে।
গতকাল রোববার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগসহ ১৪ দল এবং স্বতন্ত্র জোট মনোনীত নারী সাংসদ মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান, হুইপ ইকবালুর রহিম এবং এ বি এম রিয়াজুল কবির কাওসার।
সৈয়দ আশরাফ বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন বিএনপির জন্য মস্ত বড় রাজনৈতিক ভুল ছিল। দলটির কর্মী ও ভোটাররা তা ভালোভাবে গ্রহণ করেননি। তাদের নির্বাচন বর্জনের কোনো কারণ ছিল না।
বিএনপি সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সৈয়দ আশরাফ বলেন, ‘দুধের স্বাদ ঘোলে মেটে না।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষ থেকে আজ (রোববার) কমিশনে এসেছি। কমিশন থেকে মহাজোটের আসন অনুযায়ী যে হিসাব-নিকাশ দিয়েছে, সে অনুযায়ী আমরা ৪১ জন নারী প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছি। যাচাই-বাছাই শেষে যাঁরা চূড়ান্ত বৈধ প্রার্থী হবেন, তাঁদের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।’
আ. লীগের একটি মনোনয়ন পরিবর্তন: সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের একটি মনোনয়নে পরিবর্তন আনা হয়েছে। সুচিত্রা তঞ্চঙ্গ্যার পরিবর্তে ১৪ দলের অন্তর্ভুক্ত ন্যাপ নেত্রী আমেনা আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ন্যাপের সভাপতি মোজাফ্ফর আহমদের স্ত্রী। তিনি গত সংসদেও সংরক্ষিত আসনে সাংসদ ছিলেন। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের পার্বত্য চট্টগ্রামের নেতাদের আপত্তির কারণে সুচিত্রা তঞ্চঙ্গ্যার মনোনয়ন পরিবর্তন করা হয়।
বিএনপির ভিন্ন মতলব: উপজেলাকে বিশ্বাস করে নয়, ভিন্ন মতলবে বিএনপি উপজেলা নির্বাচনে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তিনি গতকাল মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ডে পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগের সম্মেলনে এ মন্তব্য করেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আপনি কয়েকটা উপজেলায় বিজয়ী হয়ে বলবেন, এই সরকারের সঙ্গে জনগণ নেই। বিদেশিদেরও বলবেন। কিন্তু এটি প্রমাণ করতে ব্যর্থ হবেন।’
স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, এম এ আজিজ প্রমুখ।