আগামী দিনের নেতৃত্ব দিতে সক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিশু-কিশোরদের আদর্শ ও নৈতিকতার শিক্ষা দিতে হবে। আর এ জন্য প্রয়োজন অভিভাবক ও শিক্ষকদের ঐক্যবদ্ধ উদ্যোগ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজিত জাতীয় শিশু-কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের যে প্রজন্ম, তারাই একদিন শিক্ষা-দীক্ষায় পরিপূর্ণ হয়ে উন্নত মানবসম্পদে পরিণত হবে। এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। সোনার বাংলাদেশ গড়ার সোনার ছেলেমেয়ে হিসেবে নিজেরা তৈরি হবে। সেটাই আমি আশা করি।’
জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এসব কঠোর হাতে দমন করা হবে। শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে তোমরা বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান থেকে সমবেত হয়েছ। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকেরাও এখানে আছেন। আমি সবাইকে এইটুকু বলব, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ছেলেমেয়েরা যেন উন্নত জীবন পায়, সচ্চরিত্রবান হয়। লেখাপড়ার পাশাপাশি মানুষের মতো মানুষ হয় এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য যেন এখান থেকেই নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে।’
শেখ হাসিনা বলেন, ‘আজকে আমি প্রধানমন্ত্রী হয়েছি। আজকের যারা শিশু, আমি মনে করি, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ না কেউ প্রধানমন্ত্রী হবেন...তাঁরা দেশকে উন্নত ও সমৃদ্ধিশালী করে গড়ে তুলবেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা স্বাধীন জাতি। জাতির পিতা স্বাধীনতা ঘোষণার পর তাঁকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি কারাবন্দী থাকেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্র করা হয়। কিন্তু তত দিনে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি এবং আন্তর্জাতিক চাপে পাকিস্তানি সামরিক জান্তা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা মন দিয়ে লেখাপড়া শিখবে। অভিভাবক ও শিক্ষকের কথা শুনে তাঁদের মান্য করে চলবে।’ ছেলেমেয়েরা যেন কখনো মাদক সেবন না করে এবং সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গিবাদে না জড়ায়, এমন প্রত্যাশা করেন তিনি।
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঢাকার জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।
মুক্তিযোদ্ধাদের উপহার
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শন হিসেবে মোহাম্মদপুরের গজনবী রোডে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) ফুল, ফল ও মিষ্টি পাঠান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ও প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলম সকালে শুভেচ্ছা সামগ্রীগুলো হস্তান্তর করেন।
স্মারক ডাকটিকিট অবমুক্ত
স্বাধীনতা দিবসে বিকেলে নিজের সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব টিকিট ও খাম জিপিওসহ দেশের সব ডাকঘরে বিক্রি করা হবে।