উদ্দেশ্য ভালো না থাকায় ২৫ বছরেও সার্ক (দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা) কার্যকর হয়নি। কিন্তু পরস্পরের সহযোগিতা ছাড়া এ অঞ্চলের জনগণের ভাগ্যোন্নয়ন হবে না। ভবিষ্যতে অনেক সংকট আসবে, যেগুলো সবাই মিলে উদ্যোগ না নিলে সমাধান হবে না। তাই এই অঞ্চলের মানুষ ও নিজেদের স্বার্থেই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সম্পর্ক ঠিক করতে হবে।গতকাল সোমবার সার্ক সনদ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী।সেমিনারের মূল প্রবন্ধে সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, দক্ষিণ এশিয়া পুনর্গঠন এবং এ এলাকার মানুষের ভাগ্যোন্নয়নের জন্য ২৫ বছর আগে সার্ক গঠন করা হয়েছিল। কিন্তু এটি কার্যকর হয়নি। পৃথিবীর শক্তি-ভারসাম্য বদলাচ্ছে। এশিয়া ক্রমেই শক্তিশালী হচ্ছে। কাজেই সার্ক দেশগুলো নিজেদের মধ্যে সম্পর্ক ভালো করতে না পারলে এই অঞ্চলের উন্নতি হবে না।গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘গত ২৫ বছরেও সার্ক কার্যকর হয়নি। এতে আমরা অনেক কিছু হারিয়েছি। কিন্তু ভবিষ্যৎ পড়ে আছে। ভবিষ্যতে আমাদের সংকট আরও ভয়াবহ। একসঙ্গে থাকতে না পারলে অনেক সমস্যার সমাধান করা যাবে না। তাই সার্ক দেশগুলোর মধ্যে সম্পর্ক বাড়াতে হবে। এ জন্য সার্ক দেশগুলোর মানুষকে এগিয়ে আসতে হবে।’জামিলুর রেজা চৌধুরী বলেন, ইউরোপের অনেক দেশের মধ্যে একসময় বৈরী সম্পর্ক ছিল। ব্রিটিশরা স্কুলে শিখত, জীবিত জার্মানের চেয়ে মৃত জার্মান ভালো। অথচ এক ভিসা নিয়ে এখন পুরো ইউরোপে ভ্রমণ করা যায়। এক মুদ্রা সেখানে চলে। কাজেই সার্কভুক্ত দেশগুলোকেও সম্পর্ক বাড়াতে হবে।বিলিয়ার পরিচালক শাহ্দীন মালিক বলেন, ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়াতে হবে। এ জন্য এগিয়ে আসতে হবে জনগণকে।সাবেক রাষ্ট্রদূত এবং সার্ক সচিবালয়ের সাবেক মহাসচিব কিউ এ এম এ রহিম বলেন, সার্ক সনদে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের কথা থাকলেও এই অঞ্চলের দেশগুলোর মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের কথাটি নেই। ভুল করে নয়, ইচ্ছা করেই এটি রাখা হয়নি। কারণ, রাজনৈতিক বিষয়গুলো চাইলে সনদই পাওয়া যেত না। যাঁরা তখন সনদ করেছিলেন, তাঁরা ভেবেছিলেন আপাতত একটা কিছু হোক, ভবিষ্যতে হয়তো ভালো কিছু হবে। কিন্তু শুরুতে যে বিভক্তি, সেই বিভক্তি আর কমেনি।শিক্ষাবিদ এম শমসের আলী বলেন, সার্ক সফল হয়নি। কারণ, এর উদ্দেশ্য ভালো ছিল না। যে সংগঠনের কোনো কিছু বাস্তবায়নের ক্ষমতা নেই, সেই সংগঠনের কোনো অর্থ নেই। সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস বলেন, ভবিষ্যৎ প্রজন্মই ঠিক করবে সার্কের ভবিষ্যৎ কী হবে।