‘সৈয়দ শামসুল হক জীবন থেকে অভিজ্ঞতা সংগ্রহ করে তা সাহিত্যে প্রয়োগ করেছেন। একেবারেই সময় নষ্ট করেননি। লেখার প্রতি ভালোবাসাই তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন। এ জন্য আমরা চিরকাল তাঁর কাছে ঋণী থাকব।’
এক স্মরণসভায় সদ্যপ্রয়াত বহুপ্রজ এই লেখককে এভাবে মূল্যায়ন করলেন বিশিষ্টজনেরা, যাঁরা সবাই সৈয়দ হককে দীর্ঘদিন কাছ থেকে দেখেছেন। বাংলা একাডেমি ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে। গতকাল শুক্রবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্মরণসভা উপলক্ষে বাংলা একাডেমি পরানের গহীন ভিতরে সৈয়দ শামসুল হক শিরোনামে স্মারকগ্রন্থ প্রকাশ করেছে।
স্মরণসভায় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘লেখায় সৈয়দ শামসুল হক নিজেকে প্রকাশ করেছেন, বাংলাদেশের রাজনীতিকে প্রকাশ করেছেন। এ দেশের মানুষের ব্যক্তিগত, যৌথ ও আনন্দ-বিষাদ, সমস্যা-সংকটের কথা বলেছেন। আর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন। এ জন্য আমরা চিরকাল তাঁর কাছে ঋণী থাকব।’ সৈয়দ হকের কবিতার লাইন থেকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘“আমি সৈয়দ শামসুল হক এখনো বেঁচে আছি”—এই লাইনটি আমাদের জন্য, সৈয়দ হকের জন্য ধ্রুব সত্য।’
সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, সৈয়দ হক মনে করতেন, সাহিত্যচর্চা মানে অশিক্ষিতের পটুত্ব নয়। সাহিত্যচর্চা মানে জ্ঞানচর্চার মধ্য দিয়ে নতুন সাহিত্য সৃষ্টি। কবিতা, গদ্য, কাব্যনাটক—সব শাখায় ভাষা, নির্মাণশৈলীতে নতুনত্ব এনেছেন তিনি।
সৈয়দ হকের সহধর্মিণী ও লেখক আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘এক স্বপ্নের ফেরিওয়ালার সঙ্গে আমি জীবন কাটিয়েছি। আমাদের দাম্পত্য জীবন পঞ্চাশ বছরের। এই জীবন যেন স্বপ্নের ভেতরে কেটেছে। মনে হয়নি কখনো বাস্তবে পা ফেলে আমাদের দিন কাটছে।’
সৈয়দ হকের পুত্র দ্বিতীয় সৈয়দ-হক বলেন, ‘বাবাকে নিয়ে অনেক স্মরণসভা হচ্ছে, যা শোকসভায় পরিণত হচ্ছে। ভালো লাগবে, যখন বাবার সাহিত্যকে আমরা উদ্যাপন করব। তাঁর সৃষ্টিকর্ম থেকে আনন্দ খুঁজে নেব।’
চিত্রনায়িকা কবরী বলেন, ‘আমার আজকের এ অবস্থানে আসার পেছনে যেসব গুণীজন ছিলেন তাঁর মধ্যে সৈয়দ হক অন্যতম। বয়সে ছোট হওয়ায় তাঁর খুব কাছে যাওয়ার সুযোগ হয়নি। যতটুকু তাঁর সান্নিধ্য পেয়েছি, তাঁকে অনুধাবনের চেষ্টা করেছি।’ স্মরণসভায় আরও বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, গীতিকার রফিকুজ্জামান, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কবি সাজ্জাদ শরিফ, মাহবুবুল হক শাকিল, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম।
স্মরণসভায় সূচনা বক্তব্য দেন একাডেমির সচিব আনোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। অনুষ্ঠানে কবি পিয়াস মজিদ সৈয়দ শামসুল হককে নিবেদন করে শঙ্খ ঘোষের লেখা ‘কথা হবে’ কবিতাটি পাঠ করেন।